× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘আমরণ’ অনশনের ঘোষণা প্রাথমিক শিক্ষকদের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫ ১১:০৯ এএম

প্রবা ফটো

প্রবা ফটো

গ্রেড ও পদোন্নতি নিয়ে জটিলতা নিরসনের তিন দাবি পূরণে পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এ সময়ের মধ্যে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়েছেন তারা। যদি তা না হয়, তাহলে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে আমরণ অনশন কর্মসূচি শুরুর ঘোষণা দিয়েছেন তারা।

গতকাল শনিবার দিনভর রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মহাসমাবেশ শেষে এ ঘোষণা দিয়েছে ‘প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’। সহকারী শিক্ষক পদে শুরুতেই একাদশ গ্রেডে বেতন নির্ধারণ, চাকরির ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা নিরসনের এবং প্রধান শিক্ষকের শতভাগ পদে সহকারী শিক্ষকদের পদোন্নতির দাবিতে সারা দেশ থেকে আসা হাজারো শিক্ষক অংশ নেন। মহাসমাবেশে বিএনপি, জামায়াত, এনসিপি, গণসংহতি আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিয়ে শিক্ষকদের দাবির প্রতি একাত্মতা পোষণ করেন।

বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি মো. আনিসুর রহমান বলেন, আমরা ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দাবি-দাওয়া পূরণের সময় দিয়েছি। আমার বিশ্বাস, প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা হলে আমরা তার কাছে দাবি পূরণের যৌক্তিকতা তুলে ধরতে পারব। আর প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা না হলে আমরা ২৬ সেপ্টেম্বর থেকে আমরণ অনশন কর্মসূচি শুরু করব।

এই শিক্ষক নেতা আরও বলেন, মামলা জটিলতায় সহকারী শিক্ষকরা দীর্ঘদিন পদোন্নতিবঞ্চিত, তাই তারা প্রধান শিক্ষকের শতভাগ পদোন্নতির সুযোগ চাচ্ছেন। উচ্চতর গ্রেডের একজন সরকারি চাকরিজীবীর প্রাপ্য হলেও সেটি নিয়েও জটিলতা। আর সহকারী শিক্ষকদের প্রাণের দাবি একাদশ গ্রেডে বেতন। বর্তমান আর্থ-সামাজিক বাস্তবতায় সহকারী শিক্ষকদের ন্যায্য বেতন না দিলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন সম্ভব হবে না। শিক্ষককে, তার পরিবারকে অভুক্ত রাখলে তিনি কীভাবে পাঠদানে বা শিক্ষার মানোন্নয়ন বা জাতির ভবিষ্যগঠনে মনোযোগ দেবেন?

এদিকে সমাবেশ শেষে তিন দফা দাবি নিয়ে আলোচনা করতে কার্যালয়ে গিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেখা পাননি আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নেতারাদাবি-দাওয়ার স্মারকলিপি দিয়েই সেখান থেকে ফিরে এসেছেন তারা

প্রতিনিধি দলে থাকা বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, আমাদের সেখানে (প্রধান উপদেষ্টার কার্যালয়) নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু তাৎক্ষণিকভাবে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ পাওয়া সম্ভব হয়নি। আমাদের শিক্ষক নেতাদের তালিকা জমা দিয়ে এসেছি। পরবর্তীতে সুযোগ হলে আমাদের জানানো হবে বলে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে।

তিন দাবিতে ২৬ মে থেকে পূর্ণদিবস কর্মবিরতি শুরু করেছিলেন শিক্ষকরা। দাবি আদায়ে প্রাথমিক ব্যিালয়ের সহকারী শিক্ষকরা ৫ থেকে ১৫ মে পর্যন্ত দিনে ১ ঘণ্টা, ১৬ থেকে ২০ মে পর্যন্ত ২ ঘণ্টা, ২১ থেকে ২৫ মে পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করেন। পরে গত ২৯ মে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধানরঞ্জন রায় পোদ্দার শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠক করলে কর্মবিরতির কর্মসূচি ২৫ জুন পর্যন্ত স্থগিত করা হয়।

দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৫৬৭টি। এসব বিদ্যালয়ে ৩ লাখ ৮৪ হাজার শিক্ষক কর্মরত আছেন। গত ২৪ এপ্রিল ১১তম গ্রেডে বেতন পাওয়া প্রধান শিক্ষকরে বেতন ১০ম গ্রেডে ও ১৩তম গ্রেডে বেতন পাওয়া শিক্ষকদের বেতন ১২তম গ্রেডে উন্নীত করার উদ্যোগ নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা