বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫ ২০:৪৯ পিএম
আপডেট : ২৯ আগস্ট ২০২৫ ২১:০৪ পিএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ইসলামী শিক্ষা দিবস সেমিনার ও ফ্রি কুরআন বিতরণ কর্মসূচির মাধ্যমে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা (চবি) শাখা। শুক্রবার (২৯ আগস্ট) গণমাধ্যমকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
গত বুধবার বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে এই ইসলামী শিক্ষা দিবস সেমিনারের আয়োজন করে সংগঠনটির নেত্রীবৃন্দ। তবে সংগঠনটির পক্ষে থেকে কোনো নেত্রীবৃন্দের পরিচয় জানানো হয়নি।
শিক্ষা সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ এনায়েত উল্যা পাটওয়ারী ও দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোজাম্মেল হক।
ড. এনায়েত উল্যা পাটওয়ারী বলেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্রী অঙ্গনে এই ধরনের আয়োজন বারবার হওয়া উচিত। ধারাবাহিক গোলটেবিল আলোচনা কিংবা ওয়ার্কশপের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে ইসলামী শিক্ষাব্যবস্থা সম্পর্কে সঠিক ধারণা তুলে ধরতে ভূমিকা রাখবে ছাত্রী সংস্থা।
মোজাম্মেল হক মেয়েদের জন্য শিক্ষাকে সহজলভ্য করার আহ্বান জানিয়ে বলেন, আমি এমন ইউনিভার্সিটি চাই না, যেখানে মেয়েদের বিয়ে-সংসার এবং ক্যারিয়ার দুটোর মধ্যে যেকোনো একটা বাছাই করে নিতে হয়। এই ধরনের কোনো বাইনারি থাকবে না। বরং পরিবার গঠন এবং ক্যারিয়ার দুটোর সুন্দর সহপ্রতিষ্ঠা চাই।
সেমিনারে শুভেচ্ছা বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. শামীমা ফেরদাউসী। এ ছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রামের আইন বিভাগের সহযোগী অধ্যাপক তাসলিমা খানম, বিবিএ অনুষদের প্রভাষক আকরমা খানম এবং ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক শারমিন সুলতানা।