বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫ ১৯:৪৭ পিএম
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক পর্যায়ের বিভিন্ন লেভেল ও টার্মের সব পরীক্ষা আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে।
বুধবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তিন দফা দাবিতে শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মধ্যে এ ঘোষণা দিয়েছে বুয়েট কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩০ আগস্ট থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় স্নাতক পর্যায়ের বিভিন্ন লেভেল ও টার্মের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। একাডেমিক কাউন্সিলে আলোচনার মাধ্যমে পরবর্তীতে স্নাতক পর্যায়ের পরীক্ষা সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
বিএসসি ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমাধারীদের মধ্যে বিরোধের মধ্যে তিন দফা দাবিতে আন্দোলন করছেন প্রকৌশলের শিক্ষার্থীরা। এর অংশ হিসেবে বুধবার শাহবাগ মোড় অবরোধ করেন আন্দোলনকারীরা। একপর্যায়ে তারা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাত্রা শুরু করলে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড়ে পুলিশ লাঠিপেটা করে, জল কামান, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
সংঘর্ষের পর আবার শাহবাগে জমায়েত হয়ে বিক্ষোভ চালিয়ে যেতে থাকেন শিক্ষার্থীরা।
সেখান থেকে পাঁচ দাবি দেন তারা, যেখানে পুলিশি হামলার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে ক্ষমা চাইতে বলা হয়। পরে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী রাতে শাহবাগের শিক্ষার্থীদের জমায়েতে গিয়ে দুঃখ প্রকাশ করেন।
পরে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে চলে গেলেও বৃহস্পতিবার সব প্রকৌশল শিক্ষা প্রতিষ্ঠান কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেন।