কুমিল্লা অফিস
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫ ১৯:৫৮ পিএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৫ ২০:১০ পিএম
কুমিল্লার মুরাদনগরে শ্রেণিকক্ষে পাঠদানকালে বিদেশি ছুরি প্রদর্শনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। পরে এ ঘটনার জেরে ৪ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার কামাল্লা ডিআরএস উচ্চ বিদ্যালয়ে ওই ঘটনা ঘটে। বিদেশি ছুরি হাতে ভিডিওতে ভাইরাল হওয়া চারজন দশম শ্রেণির শিক্ষার্থী।
খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার (১৩ আগস্ট) সকালে কামাল্লা ডিআরএস উচ্চ বিদ্যালয় দশম শ্রেণির চার শিক্ষার্থী শ্রেণিকক্ষে বিদেশি ছুরি প্রদর্শন করে এবং ভিডিও ধারণ করে। পরে ওই শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে দেয়Ñ যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বুধবার রাতে শিক্ষার্থীদের ছুরি প্রদর্শনের ভিডিওটি বিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আসে। পরদিন বৃহস্পতিবার দুপুরে শিক্ষকরা কৌশলে তিন শিক্ষার্থীকে আটক করে মুরাদনগর থানা পুলিশের কাছে সোপর্দ করে।
কামাল্লা ডিআরএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার খান জানান, ক্লাসরুমে ছুরি প্রদর্শনের বিষয়টি আমাদের নজরে আসামাত্রই আমরা তিন শিক্ষার্থীকে পুলিশের হাতে সোপর্দ করে দেই। অপর শিক্ষার্থী বিদ্যালয়ে না আসায় তাকে আটক করা সম্ভব হয়নি। বিদ্যালয়ের সভাপতির নির্দেশে অভিযুক্ত চার শিক্ষার্থীকেই বহিষ্কার করা হয়েছে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, অভিযুক্ত ওই তিন শিক্ষার্থীর অভিভাবকদের ডেকে এনে তাদের কাছ থেকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে। ভিডিওতে প্রদর্শন করা ছুরিগুলো উদ্ধারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, আগামী সোমবার (১৮ আগস্ট) সকল অভিভাবককে ডেকে ওই ছাত্রদের বহিষ্কারের বিষয়টি আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে।