খুলনা অফিস
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫ ২১:১১ পিএম
আপডেট : ১০ আগস্ট ২০২৫ ২১:১৯ পিএম
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে খুলনা বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী মাল্টিমিডিয়া সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। রবিবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, সাংবাদিকতায় একাডেমিক ও পেশাগত দিক একে অপরের পরিপূরক। খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সাংবাদিকদের একাডেমিক উৎকর্ষের পাশাপাশি পেশাগত দক্ষতা অর্জন জরুরি এবং এ ধরনের প্রশিক্ষণ সেই দক্ষতা বৃদ্ধি করবে। তিনি আরও বলেন, গঠনমূলক সমালোচনা থাকা উচিত, কিন্তু তা যেন কাউকে হেয়প্রতিপন্ন না করে, কারণ এটি সাংবাদিকতার নৈতিকতার পরিপন্থী।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পিআইবি’র মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, ঢাকার সাংবাদিকতা ও আঞ্চলিক সাংবাদিকতা ভিন্ন ধরণের। আঞ্চলিক পর্যায়ে সাংবাদিকদের অলরাউন্ডার হয়ে কাজ করতে হয়। ক্যাম্পাস সাংবাদিকদের রিপোর্টিং সুযোগ সীমিত হওয়ায় সাধারণ সংবাদের পাশাপাশি বিশ্লেষণধর্মী ও মানবিক প্রতিবেদন তৈরিতে মনোযোগী হতে হবে এবং মানুষের আস্থা অর্জনের মাধ্যমে তথ্য সংগ্রহ সহজ করতে হবে।
স্বাগত বক্তব্য রাখেন পিআইবি’র সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন এবং সঞ্চালনা করেন ক্যাম্পাস রিপোর্টার সুমাইয়া আক্তার। প্রশিক্ষণে খুলনা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।