রাবি সংবাদদাতা
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২২ ১৯:৫৪ পিএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২২ ১৯:৫৭ পিএম
রাবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতাল অ্যান্ড রিসার্স সেন্টারের নির্মাণ কাজের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। ছবি : প্রবা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস বিভাগের শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষার জন্য ভেটেরিনারি টিচিং হাসপাতাল অ্যান্ড রিসার্স সেন্টার নির্মাণ করা হচ্ছে।
রবিবার (১১ ডিসেম্বর) দুপুরে কৃষি অনুষদ ভবন চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে হাসপাতাল ও রিচার্স সেন্টারের নির্মাণ কাজের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম ও উপ-উপাচার্য অধ্যাপক মো. হুমায়ুন কবীর।
ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক মো. জালাল উদ্দিন সরদারের সভাপতিত্বে কৃষি অনুষদের ডিন অধ্যাপক মো. আব্দুল আলিম, ফিশারীজ অনুষদের ডিন অধ্যাপক মো. ইসতিয়াক হোসেন, ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস বিভাগের সভাপতি অধ্যাপক মোছা. ইসমত আরা বেগম ও ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ বক্তৃতা করেন।
উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, এই হাসপাতাল ও সেন্টারের মাধ্যমে ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদের শিক্ষার্থী ও গবেষকরা হাতে কলমে শিক্ষাগ্রহণ করতে পারবে। এ ছাড়া প্রাণী চিকিৎসার সুযোগসহ এমএস, এমফিল ও পিএইচডি গবেষকদের গবেষণার সুযোগ সৃষ্টি হবে। ডিভিএম কোর্সের শিক্ষার্থীরা ইন্টারশিপও করতে পারবে। সামগ্রিকভাবে এই অঞ্চলে দক্ষ প্রাণী চিকিৎসক গড়ে উঠবে বলেও উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।
উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম বলেন, এই হাসপাতালের মাধ্যমে অনুষদের শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষার সুযোগের সঙ্গে সঙ্গে এ অঞ্চলের মানুষের প্রাণী চিকিৎসা সেবা নিশ্চিত করার সুযোগ সৃষ্টি হবে। প্রাণী চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য তিনি বিভাগসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতার কথাও উল্লেখ করেন।