খুলনা অফিস
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫ ২১:৪৪ পিএম
খুলনা বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা ও কর্মচারীদের সময়নিষ্ঠতা নিশ্চিতকরণে ফিঙ্গার প্রিন্টভিত্তিক ডিজিটাল হাজিরা পদ্ধতি চালু করা হয়েছে। বুধবার (৬ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম আনুষ্ঠানিকভাবে এই পদ্ধতির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, অফিস সময় যথাযথভাবে প্রতিপালনের লক্ষ্যে এই ডিজিটাল হাজিরা চালু করা হয়েছে। এখন মাস শেষে হাজিরার তথ্য প্রিন্ট আকারে দেওয়া হবে, যাতে নিয়মিত ও অনিয়মিতদের উপস্থিতি স্পষ্টভাবে বোঝা যায়।
এ প্রসঙ্গে উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান বলেন, উন্নত বিশ্বে অনেক আগে থেকেই এ পদ্ধতি চালু রয়েছে। সময়নিষ্ঠতা ও জবাবদিহিতা নিশ্চিতে এটি একটি যুগোপযোগী উদ্যোগ। আশা করি সবাই নির্ধারিত সময়ের মধ্যে নিজের উপস্থিতি নিশ্চিত করবেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের তথ্য অনুযায়ী, এতদিন কাগজে স্বাক্ষর করে উপস্থিতি গণনা করা হতো, যা সময়নিষ্ঠতা নিশ্চিতকরণে ব্যর্থ ছিল। এখন থেকে নির্ধারিত সময়ের বাইরে প্রবেশ বা প্রস্থান করলে তা স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড হবে। পর্যায়ক্রমে এই পদ্ধতি বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক ভবনে চালুর পরিকল্পনা রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এসএম মাহবুবুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক প্রফেসর ড. কাজী সাইফুল ইসলাম, আইসিটি সেল পরিচালক প্রফেসর ড. শেখ আলমগীর হোসেন, অবকাঠামো উন্নয়ন প্রকল্প পরিচালক ড. মো. হাসানুজ্জামান, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) শেখ শারাফাত আলী, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) আবু সালেহ মো. পারভেজ, জনসংযোগ ও লিগ্যাল সেলের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি আবদুর রহমান প্রমুখ।