বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫ ২০:৫৯ পিএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৫ ২১:৩৮ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দলীয় ছাত্র রাজনীতির বাইরে থেকে মেধাভিত্তিক নেতৃত্ব তৈরি এবং নিরাপদ ও অধিকারের শিক্ষাঙ্গন গড়ে তোলার লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে ‘ইউনাইটেড স্টুডেন্টস ডেমোক্রেটিক ফোরাম (ইউএসডিএফ)।
সোমবার (৪ আগস্ট) বিকাল পৌনে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় গ্রন্থাগারের পেছনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির আত্মপ্রকাশ ঘোষণা করা হয়।
এসময় লিখিত বক্তব্যে বলা হয়, সংগঠটি জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে একটি স্বাধীন, মেধাভিত্তিক এবং অধিকারের পক্ষে লড়তে আগ্রহী ছাত্র প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। সাধারণ শিক্ষার্থীদের নিয়ে গঠিত এই ফোরাম নিজেদের পরিচয় দিয়েছে ‘নন-পার্টিজান গণতন্ত্রকামী ছাত্রজনতার কণ্ঠস্বর’ হিসেবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক তাসিন খান বলেন, আমরা কোনো দল বা গোষ্ঠীর অনুসারী নই। আমরা বিশ্বাস করি- ছাত্ররাজনীতি মানে সংঘাত নয়, বরং নীতিনির্ধারণে শিক্ষার্থীদের অংশগ্রহণ, মতপ্রকাশের স্বাধীনতা ও নেতৃত্ব বিকাশের জায়গা।
প্রচলিত ছাত্র রাজনীতির সমালোচনা করে তিনি বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষাঙ্গনে দলীয় রাজনীতির নামে সহিংসতা, ট্যাগিং ও ভয়ের সংস্কৃতি গড়ে উঠেছে। যার বলি বুয়েটের আবরার, চমেকের আবিদ কিংবা রাবির রিমুর মতো শিক্ষার্থীরা।
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের সামনের সারি থেকে নেতৃত্বদানকারী সাধারণ শিক্ষার্থীরাই আমাদের প্রকৃত শক্তি। কোনো দলের রক্ষীবাহিনী তৈরির কারখানা না হয়ে বিশ্ববিদ্যালয়কে হতে হবে মেধাভিত্তিক নেতৃত্ব তৈরির ক্ষেত্র। আমাদের লক্ষ্য সাধারণ শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করে নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং অধিকারের শিক্ষাঙ্গন গড়ে তোলা। আমাদের পদক্ষেপ কারও বিরুদ্ধে নয়, এটি একটি সংস্কৃতির বিরুদ্ধে। আমরা ছাত্ররাজনীতিকে পুনঃসংজ্ঞায়িত করতে চাই, যেখানে নেতৃত্ব তৈরি হবে সহিংসতা নয়, মেধা ও চিন্তার মাধ্যমে।
রাকসু নির্বাচনকে ঘিরে এই সংগঠনে আত্মপ্রকাশ কি না জানতে চাইলে রিফাত হোসাইন বলেন, কেবল রাকসু নির্বাচন নয়, সাধারণ শিক্ষার্থীদের নতুন কন্ঠ হিসেবে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। আমরা ‘সাধারণ শিক্ষার্থী’ শব্দের নতুন সংজ্ঞা হাজির করব।
এ সময় সংগঠনের পক্ষ থেকে সকলকে তাদের দলে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়। সদস্যদের ভোটের মাধ্যমে মুখপাত্র নির্বাচিত করা হবে বলে জানানো হয়।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী রিফাত হোসাইন, আইন বিভাগের শিক্ষার্থী আশরাফুল ইসলাম সন্ধী, ইংরেজি বিভাগের শিক্ষার্থী হোসেন মোহাম্মদ সাফিনসহ প্রায় ২০ জন শিক্ষার্থীর একটি দল।