× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় হচ্ছে টিচার্স ট্রেনিং কলেজ

অরুপ রতন, বগুড়া

প্রকাশ : ২২ জুলাই ২০২৫ ০৮:৫৮ এএম

বগুড়ায় হচ্ছে টিচার্স ট্রেনিং কলেজ

শিক্ষানগরী হিসেবে খ্যাত বগুড়ায় এবার স্থাপিত হতে যাচ্ছে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ। ইতোমধ্যেই কলেজটির প্রতিষ্ঠার প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। চলতি মাসের শুরুতেই জমি অধিগ্রহণের জন্য জেলা প্রশাসককে চিঠি পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি শুরু হওয়া তিন দিনব্যাপী ডিসি সম্মেলনে বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা এ কলেজ স্থাপনের প্রস্তাব পেশ করেন। সম্মেলনে বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার পাশাপাশি শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ প্রতিষ্ঠার প্রস্তাব গুরুত্ব পায়। সেই প্রস্তাব গ্রহণ করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এরপর চলতি মাসের প্রথম সপ্তাহে জমি অধিগ্রহণের জন্য আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয় জেলা প্রশাসনকে।

জেলা প্রশাসক হোসনা আফরোজা প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ডিসি সম্মেলনে আমি বগুড়ায় সরকারি টিচার্স ট্রেনিং কলেজ স্থাপনের প্রস্তাব দিয়েছিলাম। সেই প্রস্তাব ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। অধিদপ্তর থেকে জমি অধিগ্রহণের জন্য চিঠি পাঠানো হয়েছে। আমরা শহর ও শহরতলিতে সম্ভাব্য জমি যাচাই-বাছাই করছি। আশা করছি, আগামী দুই থেকে তিন বছরের মধ্যে কলেজের অবকাঠামো তৈরির কাজ শুরু করা যাবে।’

তিনি আরও বলেন, এই কলেজ স্থাপিত হলে জেলার শিক্ষার্থীদের মান উন্নয়নসহ পুরো অঞ্চলের শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক প্রভাব পড়বে। রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে প্রতি বছরই বগুড়ার শিক্ষার্থীরা ঈর্ষণীয় ফলাফল করে আসছে। এ বছরে এসএসসির ফলাফলে রাজশাহী বোর্ডে পাসের হার ও জিপি-৫ প্রাপ্তিতে শীর্ষে রয়েছে বগুড়া। এমনকি সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে এ জেলা থেকেই। এর পেছনে শিক্ষকদের নিরলস পরিশ্রম বড় ভূমিকা রাখে। তাই শিক্ষক গড়ার প্রতিষ্ঠান হিসেবে টিচার্স ট্রেনিং কলেজ প্রতিষ্ঠা হলে শিক্ষকরা আরও দক্ষ হয়ে উঠতে পারবেন।

এই কলেজে শিক্ষকরা শিক্ষা বিজ্ঞানে অনার্স, বিশেষ করে বিএড অনার্স কোর্সে ভর্তি হতে পারবেন। এতে তাদের পেশাগত দক্ষতা বাড়বে এবং শ্রেণিকক্ষে তারা শিক্ষার্থীদের আরও ভালো পড়াতে পারবেন।

সরকারি টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষকরা দেশের বিভিন্ন অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ দিয়ে থাকেন। সেই সঙ্গে এ বিষয়ে গবেষণাও চালিয়ে যান। ফলে বগুড়ার শিক্ষকরাও এ কলেজ থেকে প্রশিক্ষণ নিয়ে আধুনিক শিক্ষা পদ্ধতির সঙ্গে তাল মেলাতে সক্ষম হবেন। কলেজ স্থাপনের খবরে বগুড়ার শিক্ষক সমাজে আনন্দের জোয়ার বইছে।

বিট মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী সাহাবুদ্দীন সৈকত বলেন, ‘বগুড়ায় সরকারি টিচার্স ট্রেনিং কলেজ স্থাপনের খবরে আমরা ভীষণ খুশি হয়েছি। এটি শুধু শিক্ষকদের নয়, পুরো জেলার শিক্ষাব্যবস্থার জন্য বড় একটি অর্জন। আশা করি দ্রুত কলেজ বাস্তবায়ন হবে।’

বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবিএম নজমুল ইসলাম জাহেদী বলেন, ‘স্থানীয় শিক্ষকরা সহজেই প্রশিক্ষণ নিতে পারবেন। দূরে থাকায় শিক্ষকরা প্রশিক্ষণ নিতে পারেন না। এখন বগুড়ায় প্রতিষ্ঠিত হলে আমাদের আর চিন্তা করতে হবে না। এতে আমাদের জেলার শিক্ষকরা প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে উঠবেন এবং শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা