কুমিল্লা অফিস
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫ ২২:২৯ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৫ ২২:৩৭ পিএম
কয়েক দিনের টানা বর্ষণে ফেনী শহরের রাস্তাঘাটের চিত্র। প্রবা ফাইল ফটো
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের আগামীকাল বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। ফেনীসহ বোর্ডের আওতাধীন ছয় জেলার কয়েকটি স্থানের বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (৯ জুলাই) রাতে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক রুনা নাছরীন বিষয়টি নিশ্চিত করেছেন।
আগামীকাল পদার্থ বিজ্ঞান, হিসাব বিজ্ঞান ও যুক্তিবদ্যা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
পরীক্ষা নিয়ন্ত্রক রুনা নাছরীন জানান, স্থগিত হওয়া এ তিন বিষয়ের পরীক্ষার সময় পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
অন্য পরীক্ষাগুলো নির্ধারিত সময়সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে।
কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতায় কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুর জেলা রয়েছে। এসব জেলার মধ্যে ফেনীর পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া ও সদর উপজেলা ব্যাপক জলাবদ্ধতা ও বন্যার কবলে পড়েছে। বুধবার সারাদিন বন্যা পরিস্থিতির উন্নতির খবর না থাকায় আগামীকালের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।