পবিপ্রবি
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুন ২০২৫ ২০:১৫ পিএম
আপডেট : ১৫ জুন ২০২৫ ২০:৪২ পিএম
অধ্যাপক ড. মাহবুব রব্বানী।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) নতুন পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন হর্টিকালচার বিভাগের অধ্যাপক ড. মাহবুব রব্বানী।
রবিবার (১৫ জুন) তিনি এ দায়িত্ব নেন। দুই বছর মেয়াদি এই নিয়োগে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও মানোন্নয়নে দায়িত্ব পালন করবেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. ইকতিয়ার উদ্দিন সই করা অফিস আদেশে জানানো হয়, সদ্য বিদায়ি পরিচালক অধ্যাপক ড. ইকতিয়ার উদ্দিন আজ (গতকাল) দায়িত্ব হস্তান্তর করেছেন। নতুন পরিচালক প্রশাসনিক দিকনির্দেশনা, সম্পদ ব্যবস্থাপনা এবং আইকিউএসি সংশ্লিষ্ট কার্যক্রমের তত্ত্বাবধানে যুক্ত হবেন।
ড. মাহবুব রব্বানী জাপানের শিনশু ও গিফু বিশ্ববিদ্যালয় থেকে মোনবুশো বৃত্তি নিয়ে এমএস ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি জাপানিজ সোসাইটি ফর হর্টিকালচারাল সায়েন্সের ‘ইয়ারলি বেস্ট রিসার্চ অ্যাওয়ার্ড’ লাভ করেন। ওয়ার্ল্ড ব্যাংক, করডেইড, সিমিট, ইউসি ডেভিস এবং বাংলাদেশ সরকারের টাকায় পরিচালিত একাধিক গবেষণা প্রকল্পের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে তিনটি গবেষণাগার (বায়োটেক ল্যাব, পোস্ট হারভেস্ট ল্যাব এবং জার্মপ্লাজম সেন্টার) প্রতিষ্ঠায় যুক্ত ছিলেন।
নতুন পরিচালক অধ্যাপক ড. মাহবুব রব্বানী বলেন, ‘প্রতিষ্ঠানের স্বার্থে যেকোনো দায়িত্ব সবসময় সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে পালন করা উচিত।’