বিশ্ব ভালোবাসা দিবস
মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৩৫ পিএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০৬ পিএম
শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের সামনে ‘চিরকুমার দিবস’ পালিত হয়। প্রবা ফটো
বিশ্ব ভালোবাসা দিবসে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে ‘চিরকুমার সংঘ’ নামে একটি সংগঠন।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তায় সংগঠনটির উদ্যোগে ‘চিরকুমার দিবস’ পালনের কর্মসূচি দেওয়া হয়।
এ সময় ‘দুষ্টু নারী নিপাত যাক, চিরকুমার মুক্তি পাক’, ‘এক নাম এক দেশ, চিরকুমারের বাংলাদেশ’, ‘তুমি কে, আমি কে- বঞ্চিত, বঞ্চিত’, ‘কেউ পাবে তো, কেউ পাবে না- তা হবে না, তা হবে না’, ‘প্রেমের নামে প্রহসন, চলবে না চলবে না’ ও ‘নষ্ট প্রেমের কাঁথাতে আগুন জ্বালো একসঙ্গে’- এমন বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ শেষে এক সমাবেশের আয়োজন করে।
সংগঠনের জেলা শাখার সভাপতি সাজ্জাদুল করিম বাপ্পি ও সহ-সভাপতি মো. মোস্তাকিম হোসেন বলেন, আমরা প্রেমের বিরোধী নই। তবে ১৪ ফেব্রুয়ারি প্রেমের নামে যে ভণ্ডামি চলে, এর প্রতিবাদ করছি। ভালোবাসার নামে দেশে যে অশ্লীলতার ছড়াছড়ি, এটা আমরা চাই না। একজনের একটাই প্রেম থাকবে, একের অধিক আমরা মেনে নেব না। আমরা ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস পালন করব।
বিক্ষোভে আরও উপস্থিত ছিলেন- চিরকুমার সংঘের সাধারণ সম্পাদক ফারহান তাহমিদ, সদস্য আরিফ হোসেন খাঁ, রিহাদ হোসেন, সাইফুর রহমান রাকিব, মুত্তাসিন বিল্লাহ প্রমুখ।