বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০৯ পিএম
ছবি: সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগের ১৭২ জন নেতাকর্মী ও অজ্ঞাতনামা আরও ৩০০-৪০০ জনকে আসামি করে মামলা করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে মামলাটি দায়ের করেন জাবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ফেরদৌস রহমান।
আসামিদের মধ্যে রয়েছে- শাখা ছাত্রলীগের তৎকালীন সভাপতি আকতারুজ্জামান সোহেল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন, সহ-সভাপতি এনামুল হক এনাম, সহ-সভাপতি জোবায়ের রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, আরমান খান যুব, যুগ্ম- সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আর রাফি চৌধুরী, সাংগঠনিক সম্পাদক চিন্ময় সরকারসহ ১৭২ জন। এছাড়াও অজ্ঞাতনামা ৩০০-৪০০ কে উক্ত আবেদনে অন্তর্ভুক্ত করা হয়ে হয়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘গত ১৪ থেকে ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীসহ সাংবাদিকদের ওপর নির্মম ও পৈশাচিক হামলা চালায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। সিসিটিভি ক্যামেরার ফুটেজ ও বিভিন্ন শিক্ষার্থীদের ধারণ করা ভিডিও ফুটেজ থেকে হামলায় জড়িত ১৭৮ জনকে সনাক্ত করা হয়। কিন্তু তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ধরনের দৃশ্যমান পদক্ষেপ নেয়নি। তাই সাধারণ শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পক্ষ থেকে ১৭২ জন নেতাকর্মী ও অজ্ঞাত আরও ৩০০-৪০০ জনকে আসামি করে মামলা করেছে শাখা ছাত্রদল।’
এদিকে মামলার পর থেকে বাদী ফেরদৌস রহমানের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে শাখা ছাত্রদলের শিক্ষার্থী নির্যাতন বিষয়ক তথ্য প্রমাণ সংগ্রহ সেলের প্রধান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আফফান আলী বলেন, জুলাই আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ ও প্রশাসনের সম্মিলিত বর্বর হামলায় সাধারণ ছাত্রছাত্রী, সাংবাদিক ও শিক্ষকদের মারাত্মক আহত করা হয়, এই হামলায় যুক্ত প্রত্যেক সন্ত্রাসীদের বিচারের মুখোমুখি করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল বদ্ধপরিকর, তারই প্রেক্ষাপটে আজ জাবি ছাত্রদল জুলাই আন্দোলনে হামলাকারীদের নামে মামলা করে। আমরা আশা করি, প্রশাসন ও নির্যাতিতরা মামলার জন্য প্রস্তুতি নিয়ে নিষিদ্ধ সংগঠনটির সন্ত্রাসীদের বিচারের মুখোমুখি করতে ভূমিকা নিবেন।
এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) নুর আলম সিদ্দিকী বলেন, ‘ছাত্রদলের মামলা দায়ের হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ একাধিক শিক্ষার্থী মামলা করতে চাইলে তখন তাদের মামলা নেয়নি পুলিশ। বলা হয়েছিল একই বিষয়ে একাধিক মামলা হয় না। তাহলে ছাত্রদল কিভাবে মামলা করলো এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এর আগে মামলা গ্রহণ করা হয়নি, তবে এখন থেকে সকলের মামলা গ্রহণ করা হবে।’