প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫ ১৯:৪৪ পিএম
সম্প্রতি ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের ফ্ল্যাগশিপ ক্যাম্পাসভিত্তিক প্রতিযোগিতা ওভার দ্য ওয়ালের ৩য় সিজনের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের নিয়ে গঠিত দল, টিম পাওয়ারপাফ গার্লস।
তরুণদের উদ্ভাবনী ভাবনা ও উদ্যোগকেন্দ্রিক চিন্তা উপস্থাপনের সুযোগ করে দিয়েছে প্রতিযোগিতাটি, যা পার্সোনাল কেয়ার ইন্ডাস্ট্রির বিকাশেও যুগান্তকারী ভূমিকা রাখবে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
প্রতিযোগিতার চূড়ান্ত রাউন্ডে ৬টি দল তাদের আইডিয়া উপস্থাপন করেন। আইডিয়াগুলোর মাঝে টেকসই পণ্যের নকশা ও উন্নত প্রযুক্তি প্রয়োগ থেকে শুরু করে সৃজনশীল ব্যবসায়িক কৌশলও ছিল। এই প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের টিম কওডন ব্লু এবং দ্বিতীয় রানার-আপ হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) টিম এক্লিপ্স।
প্রাইজমানির পাশাপাশি চ্যাম্পিয়ন দলটিকে ম্যারিকো লিমিটেডের বৈশ্বিক দপ্তরগুলোতে ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হয়েছে। এছাড়া প্রথম রানার-আপ ও দ্বিতীয় রানার-আপ হওয়া দলগুলো ম্যারিকো বাংলাদেশ লিমিটেডে ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হয়েছে।
এতে বিচারক প্যানেলে ছিলেন- ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুমিতাভা বসু, কোলগেট-পামোলিভ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক নিরাজ কুমার, স্বপ্ন এসিআই লজিস্টিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির নাসির এবং কোয়ান্টাম কনজিউমার সলিউশনস লিমিটেডের অংশীদার রুহিনা হালিম।