বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫ ১৯:৫৪ পিএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৫ ২০:০২ পিএম
বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। প্রবা ফটো
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কারসহ পাঁচ দাবি জানিয়েছে শাখা ছাত্রদল। বুধবার (২২ জানুয়ারি) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের কাছে এসব দাবি জানান তারা।
অন্য চার দাবি হলো- বিদ্যমান আওয়ামী ফ্যাসিবাদী সিন্ডিকেট ভেঙে পুনর্গঠন করা; জাকসু নির্বাচনের আগে গঠনতন্ত্র সংস্কারে 'গঠনতন্ত্র সংস্কার কমিটি' গঠন করা; সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের মদদদাতা আওয়ামীপন্থী শিক্ষকদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং জাকসু নির্বাচনের আগে জুলাই গণঅভ্যুত্থানে হামলাকারীদের যথাযথ তদন্তের জন্য একটি সেল গঠন করে ট্রাইবুনালে মামলা করা।
বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, ‘আজকে রাতের মধ্যেই সংস্কার কমিটি গঠন করা ও আগামী ১ ফেব্রুয়ারি জাকসুর তফসিল ঘোষণার তারিখ পেছানো- আমাদের এ দুইটি তাৎক্ষণিক দাবি ছিল। উপাচার্য স্যার আমাদেরকে এ বিষয়ে আশ্বস্ত করেছেন।’
বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘জাবি থেকে অনেক গণতান্ত্রিত আন্দোলনের সূচনা হয়েছে। তাই এখান থেকেই গণতান্ত্রিক প্রক্রিয়া শুরুর লক্ষে আমরা জাকসুর এ নির্বাচনী রোডম্যাপ দিয়েছি। ছাত্রদলের যৌক্তিক দাবির বিষয়ে সব অংশীজনের সঙ্গে কথা বলে জানানো হবে।’
এর আগে বিকাল সোয়া ৪টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।