স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা আন্দোলন
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫ ১৩:০৩ পিএম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫ ১৩:১৪ পিএম
স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা আন্দোলন বাস্তবায়ন কমিটির নেতৃত্বে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। প্রবা ফটো
স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. শামসুল আলম বলেছেন, এবতেদায়ি মাদ্রাসাকে জাতীয়করণের লক্ষে ৪০ বছর যাবত আন্দোলন করে আসছি। দেশে যদি কেউ বৈষম্যের শিকার হয়, তাহলে সেটা হয়েছে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা।
রবিবার (১৯ জানুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মাদ্রাসা শিক্ষাবোর্ডের রেজিস্ট্রেশন করা সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাকে জাতীয়করণের দাবির অবস্থান কর্মসূচিতে তিনি এসব বলেন।
আন্দোলন বাস্তবায়ন কমিটিরি সদস্যরা জানান, ১৯৯৪ সালে একই পরিপত্রে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের ৫০০ টাকা সরকারি অনুদান দেওয়া হয়। ২০১৩ সালে ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হলেও ১ হাজার ৫১৯টি এবতেদায়ি মাদ্রাসার ব্যাপারে ৩ হাজার ৩০০ টাকা অনুদান দেওয়া ব্যতীত এমপিওভুক্তও করা হয়নি। এবতেদায়ির শিক্ষকরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ন্যায় দীর্ঘবছর সরকারি বিধি অনুসরন করলেও, বিনা বেতনে মানবেতর জীবনযাপন করে আসছে।
বক্তারা আরও জানান, বিগত ৪০ বছরে অনেক শিক্ষক বেতনহীন অবসরে চলে গেছে, অনেকে কবরে চলে গেছে। এগুলোর দায়ভার কে নিবে? দাবি না মানা হলে ৫০ হাজার শিক্ষকের পরিবার নিয়ে রাস্তায় নামার হুঁশিয়ারি দেন তারা।
ভোলা মনপুর থেকে আসা আব্দুস সালাম বলেন, ‘আমাদের সঙ্গে জাতীয়করণের ব্যাপারে বৈষম্য করা হয়েছে। দেশের নাগরিক হিসেবে আমরাও ভ্যাট-ট্যাক্স দিয়ে থাকি। অন্তবর্তী সরকারের কাছে দাবি জানাই দ্রুত প্রজ্ঞাপন জারি করা হোক।’
অবস্থান কর্মসূচিতে আরও অংশ নিয়েছেন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা মোহাম্মদ আল আমিন, নির্বাহী সদস্য মোহাম্মদ আলাউদ্দিন খন্দকার, মোহাম্মদ খোরশেদ আলম, মাওলানা মোহাম্মদ নুরুল আমীন, মাওলানা মোহাম্মদ আব্দুল হান্নান, মাওলানা মোহাম্মদ রবিউল আলম, এবিএম আব্দুল কুদ্দুস, মোহাম্মদ রিয়াজ আহমেদ, মোসাম্মৎ কাজল রেখা, মোসাম্মৎ রুবিনা আক্তার, মোসাম্মৎ কুলসুম আক্তার, বদিউল আলম প্রমুখ।