চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪ ২০:৩৪ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪ ২০:৩৬ পিএম
ছাত্ররাজনীতি বন্ধসহ পাঁচ দফা দাবি জানিয়েছে বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রাম কলেজের সমন্বয়করা। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গনে সংবাদ সম্মেলন করে এই দাবির কথা জানিয়েছেন সমন্বয়করা। এছাড়াও বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ হওয়া চট্টগ্রাম কলেজ ছাত্রদল নেতা শহীদ ওয়াসিম শুধু একটি দলের নয় উল্লেখ করা তার নামে কলেজের গুরুপূর্ণ স্থাপনা নামকরণের দাবিও জানান তারা।
তবে চট্টগ্রাম কলেজের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারটি শিবির নিয়ন্ত্রিত অভিযোগ করে ছাত্রদল বলছে, তারা ক্যাম্পাসে আদর্শিক রাজনীতি চর্চার পক্ষে। অন্যদিকে ছাত্র শিবিরের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছেন সমন্বয়করা।
বিকেলে সমসাময়িক বিষয় নিয়ে চট্টগ্রাম কলেজে সংবাদ সম্মেলনের আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ইবনে হোসাইন।
লিখিত বক্তব্যে ইবনে হোসাইন বলেন, সম্প্রতি ক্যাম্পাসে বিভিন্ন ছাত্রসংগঠনের কার্যক্রম আমাদের অধিকার ও নিরাপত্তা হুমকির মুখে ফেলছে। বিভিন্ন ছাত্রসংগঠন নামে, বেনামে সক্রিয় কার্যক্রম চালাতে চেষ্টা করে যা খুবই আশংকার বিষয়। এভাবে বারবার ছাত্ররাজনীতি চালু করার চেষ্টা সাধারণ শিক্ষার্থীদের প্রতি অবিচার।
সংবাদ সম্মেলনে উত্থাপিত ৫ দফা দাবি হল- চট্টগ্রাম কলেজ কর্তৃপক্ষ ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধের ঘোষণা দেওয়া, শহীদ ওয়াসিমের নামে কলেজের কোনো বিশেষ স্থাপনার নামকরণ, দ্রুত হল সংস্কার কার্যক্রম সম্পন্ন করা, জুলাই বিপ্লবে নির্যাতনকারী হিসেবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত শিক্ষক-শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, নির্যাতিত শিক্ষার্থীদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া।
গত বৃহস্পতিবার চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসে দুই দফা হামলার ঘটনা ঘটেছে। এই হামলার জন্য শিবিরকে দায়ী করছে ছাত্রদল। তবে এমন অভিযোগ অস্বীকার করে আসছে ছাত্র শিবিরের নেতারা। এমন পরিস্থিতির মধ্যে শুক্রবার সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়করা ক্যাম্পাসে রাজনীতি বন্ধের দাবি জানালো।
এ বিষয়ে চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক সাফরাশ নূরী সিজ্জি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম কলেজ ব্যানারটি শিবির নিয়ন্ত্রিত। ছাত্রদল দলীয়ভাবে বৈষম্যবিরোধী আন্দোলনে সমর্থন করেছে। একটা রাজনৈতিক সংগঠন যদি বৈষম্যবিরোধী আন্দোলনের ব্যানারের নিয়ন্ত্রণ নেয় তখন সেটি তো নিউট্রাল প্লাটফর্ম থাকলো না। ছাত্রদল ক্যাম্পাসে নীতিগত আর্দশিক রাজনীতির পক্ষে।
শিবিরের বিরুদ্ধে হামলা অভিযোগের পক্ষে কোন প্রমাণ আছে কিনা এমন প্রশ্নের জবাবে ছাত্রদল আহ্বায়ক সিজ্জি বলেন, চট্টগ্রাম কলেজ আর মহসিন কলেজে শিবিরের অবস্থান আছে এটা সবাই জানে। হামলাকারী ২২-২৩ জনকে আমরা চিহ্নিত করেছি। কিন্তু তারা শিবিরের কোন পর্যায়ে আছেন সেটা বলতে পারবো না। কারণ তাদের কমিটি পাবলিশড না।
তবে শুরু থেকেই চট্টগ্রাম কলেজে ছাত্রদলের উপর হামলার অভিযোগ কিংবা বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করে ছাত্র শিবির। বৃহস্পতিবারের হামলার বিষয়ে চট্টগ্রাম মহানগর শিবিরের উত্তর শাখার সভাপতি ফখরুল ইসলাম জানান, হামলায় তাকে দায়ী করা হলেও সেদিন তিনি ঢাকায় ছিলেন। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের দাবির বিষয়ে শিবিরের অবস্থান বিষয়ে জানতে ফখরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সফল হওয়া যায়নি।
এদিকে শিবিরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ নাকচ করে দিয়ে চট্টগ্রাম কলেজের সমন্বয়ক মতিউর রহমান বলেন, আমরা কোনো দলীয় রাজনীতির সঙ্গে জড়িত নই।