× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারাদেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাবিতে তোফাজ্জল হত্যায় ৮ জন চিহ্নিত, গ্রেপ্তার ৬ জনের জবানবন্দি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৪ ২১:১৫ পিএম

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪ ২২:১৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম (এফএইচ) হলে তোফাজ্জল হোসেন নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আট শিক্ষার্থীকে চিহ্নিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রক্টরিয়াল টিমের সহায়তায় তদন্ত কমিটি কর্তৃক চিহ্নিত আটজন অভিযুক্তের মধ্যে ছয়জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আমাদের তদন্ত কমিটি আটজনকে চিহ্নিত করেছে। তাদের মধ্যে ছয়জনকে আমাদের প্রক্টরিয়াল টিমের সহযোগিতায় বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ আইনি প্রক্রিয়ায় কাজ করছে। বাকি দুজন পলাতক এবং তাদের ফোন বন্ধ রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের ধরার চেষ্টা করছে। আশা করি, এ ঘটনার সঙ্গে যুক্ত সবাইকে দ্রুত আমরা বিচারের আওতায় দেখতে পাব। আমাদের কাজ এখনও চলমান।’ 

তিনি আরও বলেন, ‘যাদেরকে চিহ্নিত করা হয়েছে তাদের হলের সিট বাতিল করা হবে এবং বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হবে। পাশাপাশি অধিকতর তদন্তের জন্য বিশ্ববিদ্যালয় থেকে আরেকটি তদন্ত কমিটি গঠন করা হবে।’ 

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুততার সঙ্গে আইনগত ব্যবস্থা গ্রহণে সচেষ্ট হয়েছে এবং ২৪ ঘণ্টার মধ্যে বৃহস্পতিবার সকাল ৮টায় হল প্রশাসন কর্তৃক তদন্ত কমিটি গঠিত হয়েছে এবং এই কমিটি বৃহস্পতিবার রাত ১১টায় রিপোর্ট পেশ করেছে। ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী প্রক্টরিয়াল টিমের সহায়তায় তদন্ত কমিটি কর্তৃক চিহ্নিত আটজন অভিযুক্তের মধ্যে ছয়জনকে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত এই আটজনের ব্যাপারে বিশ্ববিদ্যালয় দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে। এ ধরনের ন্যক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সে ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সচেষ্ট রয়েছে ও সকলের সহযোগিতা কামনা করছে। 

চিহ্নিত আটজন হলেন যারা 

বুধবার রাতে পিটিয়ে হত্যার ঘটনার পর বৃহস্পতিবার ভোরেই হলে যান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সহকারী প্রক্টরসহ হলের প্রভোস্ট ও আবাসিক শিক্ষকরা। পরে সকাল ৮টার মধ্যেই তদন্ত কমিটি গঠন করে তদন্ত শুরু করলে বিকালে প্রথমে তিনজন ও পরে রাত পর্যন্ত একে একে ছয়জনকে গ্রেপ্তার করে শাহবাগ থানা পুলিশ। 

গ্রেপ্তার হওয়া ছয় শিক্ষার্থী হলেন- ফজলুল হক হল শাখা ছাত্রলীগের সাবেক উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এবং পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. জালাল মিয়া; মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমন মিয়া; পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মোত্তাকিন সাকিন শাহ; গণিত বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আহসান উল্লাহ; ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল হোসাইন সাজ্জাদ ও সমুদ্রবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ওয়াজিবুল আলম। 

এ ছাড়া চিহ্নিত বাকি দুজনকে এখনও গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। পলাতক দুজন হলেন- উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ফিরোজ কবির ও পদার্থবিজ্ঞান বিভাগের একই বর্ষের শিক্ষার্থী মো. আবদুস সামাদ। 

১৬৪ ধারায় জবানবন্দি গ্রেপ্তার ছয় শিক্ষার্থীর

পিটিয়ে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থী আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। 

শুক্রবার (২০ সেপ্টেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম তাদের ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন।

পরে আসামিরা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালত তাদের জবানবন্দি রেকর্ড করেছেন। 

তোফাজ্জল নামের ওই যুবক বুধবার রাত ৮টার দিকে বঙ্গবাজার এলাকার পার্শ্ববর্তী এফএইচ হলের ফটক দিয়ে মাঠের ভেতরে যান। তখন কয়েকজন শিক্ষার্থী চোর সন্দেহে তাকে আটক করে হলের অতিথি কক্ষে নিয়ে যান। সেখানে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাকে মারধর করা হয়। পরে তাকে হলের ক্যান্টিনে নিয়ে রাতের খাবার খাওয়ানো হয়। এরপর আবার তাকে হলের অতিথি কক্ষে এনে ব্যাপকভাবে মারধর করেন কয়েকজন শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, এ সময় ওই যুবককে স্টাম্প দিয়ে মারধর করা হয়েছিল। তারা জানান, বৃহস্পতিবার দুপুরে হল থেকে কয়েকজন ছাত্রের মোবাইল ও মানি ব্যাগ চুরি হয়েছিল। সেই ঘটনায় তোফাজ্জলকে সন্দেহ করে এভাবে মারধর করা হয়। পরে গভীর রাত ১২টার দিকে হলের কয়েকজন আবাসিক শিক্ষক তোফাজ্জলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা