বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৬ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৮ পিএম
অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম। ছবি : সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন প্রক্টর হিসেবে সাময়িকভাবে দায়িত্ব পেয়েছেন পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এ বি এম আজিজুর রহমানের সই করা এক অফিস আদেশে তথ্যটি জানানো হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, গত ৭ আগস্ট ভার্চুয়ালি অনুষ্ঠিত সিন্ডিকেটে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. রুবেলকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি ব্যক্তিগত কারণে ওই দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করায় পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক রাশিদুল আলমকে যোগদানের তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ করা হলো। তিনি প্রচলিত নিয়মে সুবিধাদি ভোগ করবেন।
একই সঙ্গে রেজিস্ট্রারের সই অন্য একটি আদেশে বলা হয়েছে, তিনজন শিক্ষককে দুই বছরের জন্য সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ করা হলো। তারা হলেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শামীমা নাসরিন জলি, ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রেজাউল রকিব ও গণিত বিভাগ বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আল-আমিন খান। তারা প্রচলিত নিয়মে সুবিধাদি ভোগ করবেন।
প্রক্টরের দায়িত্ব পেয়ে অধ্যাপক রাশিদুল আলম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষাকে ধারণ করে আমি বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করব। বিশ্ববিদ্যালয়ের মধ্যে যাতে অনিয়মতান্ত্রিক কর্মকাণ্ড না হয় সেদিকে খেয়াল রাখব। এজন্য সকল শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক এবং বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টজনের সহযোগিতা কামনা করছি।
২০০২ সালের আগস্টে তিনি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগে প্রভাষক হিসাবে যোগদান করেন। ২০০৫ সালের ডিসেম্বরে তিনি সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। ২০১৪ সালের মার্চে তিনি পরিবেশ বিজ্ঞান বিভাগে সহযোগী অধ্যাপক এবং ২০১৮ সালের জুনে বিভাগের অধ্যাপক হিসেবে উন্নীত করা হন।