প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৪ ১৭:০৪ পিএম
উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি বাতিল করে ৯ সদস্য বিশিষ্ট ‘অ্যাডহক’ কমিটি গঠন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অ্যাডহক কমিটির আহ্বায়ক এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
বুধবার (১১ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান এক বিজ্ঞপ্তিতে জানান, উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি গঠন সংক্রান্ত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২০১৪ সালের ১২ মার্চের প্রজ্ঞাপনটি বাতিল করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
কমিটির অন্য সদস্যরা হলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, ইন্সট্রাক্টর, উপজেলা রিসোর্স সেন্টার, উপজেলা প্রকৌশলী এবং নিকটস্থ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুইজন প্রধান শিক্ষক (একজন পুরুষ ও একজন নারী; উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক মনোনীত)।
পরবর্তি আদেশ না দেওয়া পর্যন্ত অ্যাডহক কমিটি বলবৎ থাকবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।