বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪ ২০:৩৯ পিএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৪ ২০:৫৮ পিএম
সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন প্রক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যায়ন বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ।
বুধবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান তাকে প্রক্টর হিসেবে নিয়োগ দেন।
ঢাবি রেজিস্ট্রার অফিস থেকে পাঠানো এই অফিস আদেশে বলা হয়, ‘উপাচার্য আপনাকে কাজে যোগদানের তারিখ থেকে প্রচলিত শর্তে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ প্রদান করেছেন। এ জন্য আপনি বিধি মোতাবেক ভাতা ও সুবিধাদি প্রাপ্য হবেন। আপনার এ নিয়োগ অবিলম্বে কার্যকর হবে। বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করা যাবে। এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যালেন্ডার পার্ট-২ (১৯৯৭)-এর ১১ অধ্যায়ে (পৃষ্ঠা নং-৩৭-৪০) প্রক্টর-এর দায়িত্ব ও কর্ম পদ্বতি বিষয়ক বিধি বিধানের প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করছি।’
অফিস আদেশে বলা হয়, ‘অনুগ্রহপূর্বক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্বভার গ্রহণ করে আপনার যোগদানপত্র অত্র অফিসে প্রেরণ করতে আপনাকে অনুরোধ করা যাচ্ছে।’
ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন সাবেক প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান। তার স্থলাভিষিক্ত হলেন অধ্যাপক সাইফুদ্দীন আহমদ।
প্রক্টর হিসেবে দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় সাইফুদ্দীন আহমদ বলেন, ‘আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছি। আমি শিক্ষার্থীদের জন্য কাজ করব। শিক্ষার্থীদের কোনো দলীয় পরিচয়ে নয়, শিক্ষার্থী হিসেবে আমার কাছে সবাই সমান থাকবে। আমি আজ যোগদান করেছি, চিঠিও পেয়েছি।’