বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৪ ২০:১৭ পিএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৪ ২০:৫৪ পিএম
ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম। বুধবার (৭ আগস্ট) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. সাহাবুদ্দিনের কাছে ই-মেইলযোগে পদত্যাগপত্র জমা দেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসান প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পদত্যাগপত্রে উপাচার্য বলেন, ‘আপনার আদেশক্রমে আমাকে গত ১৩ সেপ্টেম্বর ২০২২ তারিখে ৩৭.০০.০০০০৭৯.১১.০২৩.১২.৩৪৭ নং স্মারক পত্রের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছিল এবং সে অনুসারে আমি আমার দায়িত্ব পালনে সর্বোচ্চ সচেষ্ট ছিলাম। বর্তমানে ব্যক্তিগত ও পারিবারিক কারণে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে পদত্যাগ করলাম। বর্ণিত অবস্থায় আমার পদত্যাগপত্র গ্রহণ করার জন্য আপনাকে বিনীত অনুরোধ করছি।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অন্যতম প্রধান ভূমিকা রেখেছিলেন জাবির শিক্ষার্থীরা। কিন্তু শেখ হাসিনা সরকারের প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে আন্দোলনকারীদের বিরুদ্ধে চরম নিপীড়ন চালায়। এ সময় তার ভূমিকার জন্য প্রশ্নবিদ্ধ হন নূরুল আলম। তার ভূমিকার ব্যাপক সমালোচনা করেন শিক্ষার্থীরা।
গত ৫ আগস্ট গণ-আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর অধ্যাপক নূরুল আলমেরও পদত্যাগের দাবি ওঠে।