বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৪ ১৯:০৯ পিএম
আপডেট : ১৮ জুলাই ২০২৪ ১৯:১৭ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আলমগীর কবির। ফাইল ফটো
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় প্রক্টরকে দায়ী করে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন পরিসংখ্যান ও উপাত্তবিজ্ঞান বিভাগের সাধারণ শিক্ষার্থীরা। পাশাপাশি তার কোনো ক্লাস বিভাগের শিক্ষার্থীরা করবে না মর্মে সিদ্ধান্ত নিয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুলাই) এক লিখিত বিবৃতিতে বিভাগের স্নাতকোত্তর শেষ বর্ষ থেকে বিভাগের স্নাতক প্রথম বর্ষ পর্যন্ত (৪৮ থেকে ৫২ ব্যাচ) শিক্ষার্থীরা এক বিবৃতিতে এ সিদ্ধান্ত জানায়।
তাদের বিবৃতিতে বলা হয়, ‘বুধবার (১৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর পুলিশের করা জঘন্যতম বর্বর ও ন্যক্কারজনক হামলার জন্য সবচেয়ে বেশি দায়ী উপাচার্য অধ্যাপক নুরুল আলম ও প্রক্টর অধ্যাপক আলমগীর কবির। প্রক্টরের উপস্থিতেই শিক্ষার্থীদের ওপর পুলিশ দিয়ে গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করা হয়। যার ফলে বহুসংখ্যক ছাত্র-ছাত্রী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।’
এতে আরও বলা হয়, ‘প্রক্টর আলমগীর কবিরকে বারবার অনুরোধ করার পরও তিনি এই হামলার হাত থেকে ছাত্র-ছাত্রীদের বাঁচাতে অস্বীকৃতি জানান। প্রক্টরের নিজ বিভাগের শিক্ষার্থীদের অনুরোধেও তিনি বিন্দুমাত্র কর্ণপাত করেননি; যা অত্যন্ত দুঃখজনক। তার এই অশিক্ষকসূলভ ও সন্ত্রাসী কার্যক্রমের দায়ে আমরা তাকে বয়কট ও অবাঞ্ছিত ঘোষণা করলাম। পাশাপাশি তার কোনো ক্লাস আমরা করব না।’
জানা যায়, কোটা আন্দলনকে কেন্দ্র করে বুধবার ক্যাম্পাসে শিক্ষার্থী-পুলিশ মুখোমুখি অবস্থান নেয়। এমন পরিস্থিতিতে সংঘাত এড়াতে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রক্টর আলমগীর কবিরকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনার অনুরোধ জানান। তবে তাতে সাড়া না দিয়ে তিনি বলেন, ‘পুলিশ যা করার করুক, আমি বের হব না।’