প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২২ ১৮:৫৪ পিএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২২ ২০:০৪ পিএম
ফাইল ছবি।
চলমান এইচএসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্রে ভুলের কারণে স্থগিত হওয়া কারিগরি শিক্ষাবোর্ডে বিএমটির বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৭ ডিসেম্বর। ওইদিন দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পরীক্ষা চলবে।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সংশোধিত এই পরীক্ষা সূচি প্রকাশ করেছে কারিগরি শিক্ষাবোর্ড।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কেপায়েত উল্লাহ স্বাক্ষরিত সূচিতে বলা হয়েছে, গত ৬ নভেম্বর কারিগরি শিক্ষাবোর্ডের (বিএমটি/বিএম) বাংলা প্রথম পত্রের (নতুন ও পুরাতন সিলেবাস) পরীক্ষা স্থগিত করা হয়। স্থগিত হওয়া পরীক্ষা আগামী ৭ ডিসেম্বর দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
পরীক্ষা শুরুর এক ঘণ্টা পর ওইদিন বাংলা প্রথম পত্রে প্রশ্ন ভুলের কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছিল। যদিও কারিগরি বোর্ড পরীক্ষা স্থগিতের নোটিশে বলেছে, অনিবার্য কারণ বশত পরীক্ষা স্থগিত করা হয়েছে।
এ প্রসঙ্গে ওইদিন কারিগরি শিক্ষা বোর্ডের সচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, একাদশ শ্রেণিতে এ বছর নতুন সিলেবাসে পরীক্ষা হওয়ার কথা রয়েছে। কিন্তু ভুল করে পুরাতন সিলেবাসে প্রশ্ন ছাপা হয়ে গেছে। পরীক্ষা শুরুর পর বিষয়টি নজরে এলে পরীক্ষা স্থগিত করা হয়।