শিউল মনজুর
প্রকাশ : ২৫ মে ২০২৪ ১৪:০৬ পিএম
হৃদয়কে নিয়ে হাঁটতে হাঁটতে এতদূর এলাম-
তবে, দৌড়াতে পারিনি আজও,
এমনকি ছুঁতে পারিনি মেঘবালিকার কল্পলোকও-
পথে পথে ঘুরতে ঘুরতে নতুন রাস্তা খুঁজে নিতে গিয়ে
বাঁক বদল করেছি বহুবার। বহুবার ভুলে যেতে চেয়েছি
তোমার শান্ত স্নিগ্ধ নীল আকাশের মুখখানি...
অতঃপর সমুদ্র ক্যানভাসে আত্মমগ্নতায় কেটে যাবে বলে
এক জাহাজঘাট থেকে আরেক জাহাজঘাটে ঘুরে বেড়িয়েছি,
কখনও আবার এলিজাবেথের শহর থেকে সক্রেটিসের শহরে
খুঁজে ফিরেছি জীবনের নতুন নতুন গল্প ও উপাখ্যান
এবং আপাদমস্তক ভুলে যেতে চেয়েছি
জন্মভূমির মসলিন ইতিহাস...
শেষ পর্যন্ত, জীবনানন্দের কবিতা পড়তে পড়তে
হাওয়াই জাহাজে ভেসে ভেসে এলাম এখানে-
এ পটোমেখের আঙিনায়, এ আটলান্টিকের সৈকতে এবং
সারসের দ্বৈরথ আর সি-গালের ছবি দেখতে দেখতে
আবারও ভুলে যেতে চেয়েছি চা-শিল্পের সরু পথে রেখে আসা
ভোরবিয়ানের গোপন আলিঙ্গনÑ
অথচ, একটিমাত্র চুম্বনের হইচই এবং লীলা ওনীলা
বলতে বলতে এখানে এই যাযাবর সকালে
খোয়াবের নকশিকাঁথায় নেচে ওঠে
কৈশোরের হারানো বনফুলের টিয়াপাখি
এবং পাঁজরের আনাচে কানাচে লুকিয়ে রাখা
পুরোনো ডায়েরির রক্তেভেজা পাতা থেকে
একটি মুখরিত মুখই জেগে ওঠে বারবার- লীলা ওনীলা!