কামাল চৌধুরী
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৩ ১৭:৩৭ পিএম
কবি
মাঝে মাঝে
মনে হয়, অচেনা ছেলেটারে নিয়ে আমি কেন এতটা ভেবেছি। সেবার বর্ষায় খুব, কাঁটাবন পার হয়ে
শাহবাগ মোড়ে কারা দেখি হল্লা করে পলাতক জীবনের খোঁজে। তাদের কবিতার খাতা একদিন, এখনও
উড়াল দিলে হয়তো জীবিত দিনে রৌদ্রের মুখোমুখি হবে, হয়তো জ্যোৎস্নায় কোনো প্লাবিত ঘুমের
দেশে জেগে জেগে পার করে দেবে নিশাকাল। এইসব খেলা, এইসব অফুরন্ত মহাবেলা, কোথাও হারিয়ে
গেলে বলো তুমি কিসের সন্তান?
অসমাপ্ত
পরের বাক্য
অসম্পূর্ণ থাকার আগে তোমার কবিতাটি আমি লিখে ফেলব। রাত জেগে খেলা দেখার মতো তীব্র গতি— এর কোনো বারপোস্ট
নেই। বারবার ফিরে আসার মতো কিছু নেই আজ আমাদের—তোমার চুম্বনের
মাঝখানে যে উত্তপ্ত তৃষ্ণা তাকে স্মৃতিকালের জন্য রেখে দাও এবং মনে রেখ যে কোনো ভবিষ্যদ্বাণী
পরাজিত হবে একদিন। মনে করো তুমি দাঁড়িয়ে আছ বিষুবরেখার মাঝখানে, তার দুই দিক অসমাপ্ত,
একে যদি শূন্যতা বলি তবে পরের বাক্য এভাবেই লেখা হবে…
…
…তুমি হয়তো
পাঠ করতে করতে করতে করতে করতে করতে করতে করতে
পেয়ে যাবে
যতিচিহ্ন খুঁজে না পাওয়া কোনো কবিতা