× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কবিতা

মুহম্মদ নূরুল হুদা

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬ ০৮:৪৬ এএম

আপডেট : ১৫ এপ্রিল ২০২৬ ১৫:১৪ পিএম

চিত্রশিল্পী: ফরিদা জামান

চিত্রশিল্পী: ফরিদা জামান

বৈশাখে এই বাংলাদেশ

মুহম্মদ নূরুল হুদা

 

ফুটছে ফুল প্রাণমুকুল, শাখায় শাখায় ঘ্রাণদোদুল,

হাসছে দেশ ডাকছে দেশ, লালসবুজের বাংলাদেশ,

ধানের দেশ গানের দেশ, সোনালি আঁশ বোনার দেশ,

তোমার আমার প্রাণের দেশ

বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ।

 

আমের ডালে মঞ্জরী, আমানি চাষ হাল ধরি,

মাঝি গাজী চাষীর দেশ, ফুলফসলের পললদেশ

গণতন্ত্রী মায়ের দেশ, সমতা মমতার দেশ,

‘সব পেয়েছি’-র বাংলাদেশ

বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ।

 

কালবোশেখি রুদ্রগতি, ষড়ঋতুর নাইরে যতি,

হাজার নদীর পলিদেশ, শস্যসুখী ভেষজ দেশ,

হালে পালে ভাসানদেশ, বৈষম্যহীন মানবদেশ,

যুক্তিযুদ্ধে শুদ্ধদেশ

বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ।

 

পুণ্যাহ হালখাতার দেশ, ধনধান্যে ধন্যদেশ,

পিঠাপুলি নবান্ন দেশ, প্রজাপতি উড়ালদেশ,

পাখপাখালি অলির দেশ, মেজবানি পার্বণের দেশ,

ষড়ঋতুর বাংলাদেশ

বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ।


চর্যাপদে ভুসুকুদেশ, হাকিম কবির ভাষাদেশ,

শাপলাশালুক পদ্মদেশ, ধর্মে কর্মে সখ্য দেশ,

দ্রোহী কবির দ্রোহী দেশ, মুক্তিযুদ্ধে মুক্তদেশ,

রক্তে লেখা বাংলাদেশ

বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ।

 

মসলিন তাঁত বোনার দেশ, নৌকাবোঝাই ধানের দেশ,

যতদূর এই বাংলাভাষা ততদূর এই আশার দেশ,

শঙ্খচিলের ডানায় ডানায় সকল জাতির জ্ঞাতিদেশ,

মনমোহনা বাংলাদেশ

বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ।

 

বোশেখ শেষে জ্যৈষ্ঠ মাস, আষাঢ় শেষে শ্রাবণে বাস,

ভাদ্র আশ্বিন দুই সহোদর, কার্তিক করে অঘ্রানে ঘর,

পৌষে মাঘে কাঁপে কেশ, বাঘও ধরে রুদ্রবেশ,

বীর বাঙালির বাংলাদেশ

বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ।

 

শীত বসন্ত হন্তদন্ত, ঝরাপাতায় পয়োমন্ত,

ফাল্গুনে ফুল পাতার ফাঁকে, চৈত্রমাসের রোদকে ডাকে,

শুরুর শেষে আবার শুরু, শেষের পরেও হয় না শেষ

অনন্ত এই বাংলাদেশ

বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ।

 

অরুণবরন আলোকদেশ, বিবর্তিত পুণ্যদেশ,

দরিয়াপাড়ে দরিয়াদেশ, লালকাঁকড়া ঝিনুকদেশ,

ছয়ঋতু সাতরঙের দেশ, শান্তিস্বপ্ন বোনার দেশ,

স্বপ্নবীজের বাংলাদেশ

বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ।

 

আসবে যারা থাকবে ঘরে, প্রজন্ম প্রজন্ম ধরে;

মনপবনের নায়ে চড়ে, তিনভুবনে সফর করে;

আপন দেশে আপন বেশ; স্বাধীন মানুষ স্বাধীন দেশ,

সবার আগে বাংলাদেশ,

সবার শেষে বাংলাদেশ

অশেষ আমার বাংলাদেশ;

বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা