আমার বসন্ত কেবল ডানা মেলে উড়তে চায়
যদিও শীতের প্রতিকূলতা বারবার পথরোধ করে
সামনে এসে দাঁড়ায়!
আমাকে বিভ্রান্ত করে ঠেলে দিতে চায়
কবরের মতো গহিন স্তব্ধতায়...
আমি যেন ভয়ে কুঁকড়ে-যাওয়া কেন্নোর মতো
কেবল গড়াতে থাকি...
মরে যাওয়ার শঙ্কাই যেন সত্য হয়ে ওঠে আমার জীবনে
নিয়তিলিখন যেন এরকমই!
কোনোভাবেই যেন আমি আর জীবনে ফিরতে না পারি!
এই যে রোদে-ধোয়া জলে-ভেজা শ্যামল পৃথিবী
বসন্তকুসুমিত আলোয় প্রতিদিন আনন্দ বুকে নিয়ে বাড়ি ফেরা
আমি যেন কোনোক্রমেই এইসব গল্প রচনা করতে না পারি
তার জন্য জগৎজুড়ে কত কী আয়োজন!
একুশের শতকের একজন পোড়-খাওয়া কবি আমি
বহুবিপুল মানুষের এই পৃথিবীতে
দু’চার লাইন স্বপ্নের কথা
মন্ত্রণার কথা
যন্ত্রণার কথা
লিখতে চাই
এই তো!
‘তাকে থামাও! থামাতেই হবে!’
তা না হলে এই নিগ্রহপ্রবণ বিশ্বের কথা
লাঞ্ছনাপীড়িত পৃথিবীর কথা
ক্রম যুদ্ধবিধ্বস্ত জঙ্গি-জগতের কথা
পরবর্তী শতাব্দীর মানুষ জেনে যাবে!
আমি প্রাণপণে বাঁচার জন্য লড়াই করছি!
আমি কবিতার জন্য, আসন্ন বসন্তের জন্য
জীবনবাজি রেখে ছুটছি...
কবিতা আমার হৃদয়ঘেঁষা অনন্ত প্রিয়তমা
আমি তার আনন্দের জন্যে জীবন বিসর্জন দিতে পারি
রচনা করতে পারি অনন্তশয্যা!
আমি একটি প্রস্ফুটিত গোলাপের জন্য
ইরাকের বসরা থেকে পারনিয়া আব্বাসির
কাজভিন শহরেও যেতে পারি
যেতে পারি গাজা জেনিন বেথেলহেম হেবরন
রাামাল্লাহ নাবলুস জাবালিয়ায়
কিংবা ইউক্রেনের কিয়েভ খারকিভ ওদেসা দানিপ্রো
জাপোরিঝিয়ায়
আমাকে বাধা দিতে এসে শান্তির কাফেলাকে ঠেকিয়ে দেবে?
আচ্ছা, আমি যদি একশ একটা পায়রা উড়িয়ে দিই
তোমাদের এই বুনো আকাশে
বুকের কাছে টেনে আনি পৃথিবীর সবচেয়ে সুন্দরী ললনাকে
তোমরা কি আমাকে ফাঁসির রজ্জুতে ঝুলিয়ে
আনন্দে মেতে উঠবে?
তপন বাগচী
তোমাদের এইসব ভয়ভীতি রক্তচক্ষুকে উপেক্ষা করে
আমি প্রতিদিন বুকের রক্তে লিখে যাবো বসন্তের কবিতা
কারণ আমার পৃথিবী ফুল্লবসন্তের গান গাইতে গাইতে
রাজসিক ভঙ্গিতে মৃত্যুকে টেনে নেবে বুকের গভীরে!
এখনো লিখতে পারি, দুঠোঁটে বাজাতে পারি শিস
দূরের গহন পথে মেলে দিতে পারি নীল ডানা
এখনো ঘরের চালে লাগে নাই উত্তরের হানা
দূরের খোয়াব দেখে মুখ চেপে হাসি অহর্নিশ।
জেনেছি দুপুর রাতে ঘরে ফেরে ফেরারি পাখিরা
তালিকায় নাম নেই বলে কেউ করে অভিমান
কানে ভাসে তিরতির বয়ে চলা জোয়ারের গান
ভোরের কাকলি শুনে জেগে ওঠে পাড়া-পড়শীরা।
একদিন সব মেঘ কেটে যায়, হাসে সূর্যমুখী
তুমুল প্রশ্রয় পেলে কেউ আর থাকে না অসুখী।
ব্যাকস্পেস
কাগজে আঁকা স্পর্শ
ঘুমোয় ফোল্ডারে
পাশে কফির দাগÑ
সেটাও একধরনের
সম্পর্ক!
| আকাশ? |
নাÑ সিলিং
ফ্যান (ঘোরে না)
শুধু ইতিহাসের শিস
তুমি যদি আসোÑ
নীরব থাকব
শুধু মেঝেতে
ফেলে রাখব
একজোড়া শব্দ :
দেখতে পাবেÑ জীবনের
ব্যাকস্পেসে প্রেম ছিল