আন্ওয়ার আহমদ
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫ ১৪:০৯ পিএম
গদ্যের মতো, অথচ গদ্য নয়
আমাদের কাছে যানজট অসহ্যÑ সংঘর্ষ ত্রাসের কারণ
যানজট, সংঘর্ষ আমাদের কাম্য নয়
আমাদের প্রত্যাশা সবকিছু স্বাভাবিক চাই
জীবন যাপন
আপাদমস্তক
সবকিছু স্বাভাবিক চাই।
অথচ যানজট না হলে একজন ট্রাফিক পুলিশ থাকে নিষ্কর্মা।
প্রতিদ্বন্দ্বী দুই টিমে সংঘর্ষ না হলে একজন রেফারির
হলুদ, লালকার্ড এবং বাঁশি সম্পূর্ণ অকেজো থাকে।
ভেবে দেখুন, যা স্বাভাবিক নয়, তা কারও কাছে কাম্য
এবং কারও কাছে স্বাভাবিক
এমনকি আমরাও জানি
নিরেট নৈঃশব্দ্যের মধ্যে আচমকা পতনের শব্দ ভালো লাগে
যেমন তুমুল কলহের পর মিলন মধুর
অথচ শব্দ ও বিবাদ আমরা নাকচ করে চলি।
তাহলে অস্বাভাবিকতাও প্রিয়তর হয়
অস্বাভাবিকতার সংজ্ঞা, অর্থ এবং পরিণাম তাই
কখনো কখনো বদলে যায়
অন্তত তোমার ও আমার গদ্য সম্পর্কÑ
মূলত যা গদ্য নয়।
স্রোত
প্রেম-অপ্রেমের বিজন বনে হারিয়ে যেতে যেতে
নৌকা এসে ভিড়ল হঠাৎ তোমার খেয়াঘাটে
বুঝে নিলাম তোমার চোখের মুহূর্ত সংকেতে
প্রেম রয়েছে এই চোখেরই ছন্দ মাতাল ঠাটে।
জানব কেমন করে, এ-প্রেম রহস্য-কর্পূর
এই আছে নেই এক নিমেষেই শূন্য হয়ে যায়
শ্বেত পনিরের মতোন ভরাট পূর্ণিমা ভরপুর
দিন না যেতেই ধ্বংস হয়ে যায় অমাবস্যায়।
হঠাৎ আবার ভীষণ জোয়ার, তোমার ও-ঘাট হতে
নৌকা আমার ছুটল আবার সেই বিরোধী স্রোতে।
সমাধিলিপি
এ-পুরুষ একদিন চাঁদ থেকে নেমে এসেছিলÑ
অবিরল নরকের দিকেÑ ক্ষমাহীন অন্ধকারে।
পাখিগুলো ঠুকরে খেতো তার চোখ মাংস মেদ ঘিলু
ভালোবেসে ভালোবেসে বেসেÑ
নিজেকে বানিয়েছিল ঈশ্বর ও শয়তানের
যুদ্ধের প্রান্তর।
শান্তির জরায়ু ভেবে কবরের অন্ধকারে নেমে গেছে আজ।