× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘ভূমি’তে শত শিল্পীর চিত্রমালা

হাসনাত মোবারক

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫ ১৪:২২ পিএম

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫ ১৪:৪৬ পিএম

রাজধানীর উত্তরার সেন্টার পয়েন্টে ভূমি গ্যালারিতে চিত্রকর্ম দেখছেন শিল্পী ফরিদা জামান

রাজধানীর উত্তরার সেন্টার পয়েন্টে ভূমি গ্যালারিতে চিত্রকর্ম দেখছেন শিল্পী ফরিদা জামান

গ্যালারির দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতেই ভেসে এলো ধ্রুপদী সুর। সুরের আবেশে নিমেষেই ভুলে গেলাম চোখেমুখে লেগে থাকা নগর ঢাকার ‍ধুলোবালির ধকল। কাচঘেরা প্রাঙ্গণ। সরোদ বাজাচ্ছেন এক তরুণ। তার বাদ্যযন্ত্রের সুরে মোহাবিষ্ট সকলে। বিমোহিতকর এক দৃশ্য। সামনে উপবিষ্ট শিল্পী এবং কত কত দর্শনার্থী। যারা এসেছেন শপিং করতে তাদেরও একঝলকে দেখা হয়ে যাচ্ছে দেশবরেণ্য শিল্পীদের কাজ। কেননা এ গ্যালারিটি যেখানে অবস্থিত, সেটা একটা বিশাল মার্কেট প্লেসের গ্রাউন্ড ফ্লোর। বলছি, রাজধানীর উত্তরার ‘সেন্টার পয়েন্ট’-এ চালু হওয়া ভূমি গ্যালারির নতুন শাখার কথা।

২১ নভেম্বর চালু হয় এই গ্যালারি। সংগত কারণেই এ সংবাদে নাচে প্রাণ আনন্দের ঝটিকায়। শুধু কি তাই! ১০০ জন শিল্পীর ৩৫০টি চিত্রকর্ম নিয়ে চলছে ‘সহনশীল রূপান্তর’ শিরোনামে প্রদর্শনী। যার দরুন গ্যালারির বাইরেও শপিংমলের খোলা প্রান্তরে দেখানো হচ্ছে চিত্রকর্ম। প্রাণসিক্ত এ আয়োজনে সেদিন উপস্থিত ছিলেন শিল্পী বীরেন সোম, ফরিদা জামান, জামাল আহমেদ, কনকচাঁপা চাকমাসহ তরুণ শিল্পী কাবেরী আজাদও।

বীরেন সোমের কাছে ভূমির নতুন শাখা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘এবারের ইভেন্টটা অন্য দশটা আয়োজন থেকে আলাদা ও আনন্দের। কেননা এত বড় পরিসরে আমাদের দেশে চিত্রকর্মের প্রদর্শনী হয়েছে বলে আমার জানা নেই। দূর থেকেও দেখা যাচ্ছে। আবার কাছ থেকেও দেখা যাচ্ছে। আর এখানে শুধু বিশাল জায়গাজুড়ে নয়, মার্কেট প্লেস হওয়ায় অনেক দর্শনার্থীর সমাবেশ ঘটেছে। এটা কি আনন্দের নয়!’ এই শিল্পীর সঙ্গে কথা বলে দাঁড়ালাম শেখ আফজাল হোসেনের একটি ল্যান্ডস্কেপের সামনে। হঠাৎ এক তরুণ তার সঙ্গীকে বলে উঠলেন, ‘এই দেখো, স্যারের এই ধরনের কাজ তো এর আগে দেখিনি!’ পরিচয়ে তার নাম জেনে নিলাম। এনামুজ জাহিদ। একজন আর্টিস্ট। তার কাজও ঠাঁই পেয়েছে এই গ্যালারিতে। শেখ আফজাল হোসেনের কাজের ধরন সম্পর্কে তার কাছে জানতে চাইলাম। তিনি জানালেন, ‘স্যারের ফিগারেটিভ কাজ দেখে আমরা অভ্যস্ত। এই প্রথম দেখা হলো এমন কাজ।’ তরুণ এই শিল্পী তার মুগ্ধতার কথাও প্রকাশ করলেন।

ঘুরে ঘুরে চিত্রকর্মগুলো দেখতে লাগলাম। সময় গড়িয়ে যাচ্ছে সরোদবাদক সূত্রধর অজুনের আঙুলের ফাঁক গলে। আর বাংলাদেশের চিত্রকর্মকরদের রঙ-তুলির পরশমাখা চিত্রকর্ম দেখতে দেখতে। শিল্পী ফরিদা জামান। মমতার পরশ দিয়ে তুলে ধরেছেন ‘সুফিয়ার জগৎ’কে। সেই সুফিয়া সিরিজের স্রষ্টাকে অনুরোধ করি তার চিত্রকর্মের সঙ্গে ছবি তুলতে। আমার আবদার শুনে তিনি লজ্জায় মরি মরি। লজ্জা নারীর ভূষণ। যেন বিনয়ের সকল অবতার ঢেলে দিলেন, ‘আমার ছবির সামনে ছবি তুলছি, লোকে দেখে কী ভাববে!’ বলে তিনি দাঁড়ালেন, মোহাম্মদ ইউনুসের আঁকা চিত্রকর্মের সামনে। বললেন, ‘এখন তোলো। কী সুন্দর আঁকা ইউনুসের, তাই না!’

ভূমি গ্যালারির প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান সাইফুর রহমান লেনিন। তার কাছে প্রদর্শনীর শিরোনাম প্রসঙ্গে আলাপ তুললে তিনি বলেন, ‘আমরা এমন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। সারা বিশ্বে বইছে পরিবর্তনের হাওয়া। নতুন প্রযুক্তির নির্মাণে শিল্প ক্ষেত্রে ঘটছে অভাবিত পরিবর্তন। নতুন চিন্তা, নতুন প্রযুক্তি ও নতুন মাধ্যমের সঙ্গে আমরা একপ্রকার যুদ্ধে করে যাচ্ছি। টিকে আছি কোনোমতে। কিন্তু আমাদের যে লড়াইটা করছি, সেটা ঠিক কতটুক সামঞ্জস্য বজায় রেখে করছি। এমন ধারণা থেকেই মূলত এই শিরোনাম।’

শিল্পাচার্য জয়নুল আবেদিন থেকে শুরু করে সমরজিৎ রায় চৌধুরী, রফিকুন নবী, মনিরুল ইসলাম, হামিদুজ্জামান খান, শাহাবুদ্দিন আহমেদ, শহীদ কবির, আবদুস শাকুর শাহ, বীরেন সোম, অলকোশ ঘোষ, ফরিদা জামান, জামাল আহমেদ, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ ইকবাল, বিপুল শাহসহ তরুণতম শিল্পী বনানী সিমলাইয়ের কাজও প্রদর্শিত হচ্ছে একই ছাদের নিচে। এই প্রদর্শনী চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে, শুধু সোমবার সেন্টার পয়েন্টের সাপ্তাহিক ছুটির দিন প্রদর্শনী বন্ধ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা