ইরাজ আহমেদ
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫ ১২:০৩ পিএম
একদিন পাথর বিনিময় করে দেখো
শুধু সমুদ্রের নুন লেগে আছে তাতে।
জানবে, পাথর শুধু দূরত্বকে ব্যাখ্যা করে
যে রকম ঝরে পড়া পাতা অরণ্যের নৈঃশব্দ্য...
পাতা ঝরে যাচ্ছে
কিছু শব্দ রাখো তার জন্য
কেউ কিছু ভুলে যাচ্ছে
কিছু শব্দ রাখো তার জন্য
কেউ আর ফিরতে চাইছে না
কিছু শব্দ রাখো তার জন্য।
কিছু শব্দ রাখো তাদের জন্য যারা পাথর বিনিময় করে
যারা শুধু মৌনতা বিনিময় করে তাদের ভুলো না।
তোমার বেড নম্বর কত?
তুমি কি শুধু মৃত্যুকে সমর্থন করো?