সিকতা কাজল
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫ ১০:৩১ এএম
ধানের ভিতর কয়েকটা ডিম সিদ্ধ বসানো।
ডিমের কুসুমের ওপর ভেসে ওঠা শিশুদের মুখে সমুদ্রস্নাত আভা।
চিকন চাল, মোটা চাল সিদ্ধ একই পাতিলেÑ
চিকন চাল যায় বনেদি বাড়ির ডাইনিং রুমে।
মোটা চাল, চিকন চালের লড়াই বহুকালের।
হেমন্তের মাঠে মরা নাড়াগুলো পুড়ে যায়, যেমন পোড়ে ইটপাথরের স্তূপে পড়ে থাকা অগণিত দেহ।
আমরা হেমন্তের মাঠের বিরান পাথারে
রাত বিরাতে পিপাসিত
মানুষের হাহাকার শুনি।
চাঁদকে অতিক্রম করে
আসে নিকষ কালো রাত্রি। রাতের বুকে জলের কার্নিশ।
মোটা চাল ও চিকন চালের নৃত্য রোজই দেখে মানুষ।
উঠোনের মাড়াই করা নাড়াগুলোর ভিতর কৃষাণ কৃষাণীর মুখ।
এভাবেই হেমন্তের দিনগুলি মানুষ ও রাত্রির মাঝে ঝুলে থাকে ।
আমরা পিঠা পুলি ও পায়েসের স্বাদে ডুবে থাকি নতুন ধানের ম-ম গন্ধে।