‘অ্যা মেডিটেশন অব পিস’
মোহাম্মদ আসাদ
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫ ১৪:৩২ পিএম
শিল্পী ফারহানা আফরোজ বাপ্পীর ‘অ্যা মেডিটেশন অব পিস’ শিরোনামে একক চিত্র প্রদর্শনী চলছে রাজধানীর দ্বীপ গ্যালারিতে। তিনি দীর্ঘ সময় ধরে নিয়মিত কাজ করে চলেছেন নানা বিষয় নিয়ে। করছেন একাধিক একক প্রদর্শনী।
দলীয় প্রদর্শনীতেও দেখা যায় তাকে নিয়মিত। তিনি কাজ করেছেন মানুষের মনোজগৎ নিয়ে। তুলে ধরেছেন অনাকাঙ্ক্ষিত নাক গলানোর বিষয়টি। সেটা তিনি তুলে ধরেছেন অযাচিত এক প্রাণী টিকটিকি দিয়ে। সর্বশেষ প্রদর্শনী ছিল মানুষের অনুভূতিগুলো নিয়ে। করোনাকালে সবার মতো তারও সময় থমকে যায়। ক্যনভাসে নানা রকম আঁকিবুকির চেষ্টা করেন। কিছুই হয়ে ওঠে না।

পরিবারের চিরচেনা বন্ধনের জায়গাগুলো সব বিচ্ছিন্ন হয়ে যেতে থাকে। সেই বিচ্ছিন্নতার মধ্যেই তিনি ক্যানভাসে দাগ কাটতে শুরু করলেন। একটি কেন্দ্র থেকে রেখার মাধ্যমে এক এক করে বিচ্ছিন্ন হয়ে দূরে সরে যাচ্ছে ক্ষেত্রগুলো। কোনো ক্যানভাসে একাধিক কেন্দ্র থেকে বিচ্ছিন্নতার শুরু। সেই বিচ্ছিন্নতার একটা রিদম আছে। আছে রঙের মূর্ছনা। ফারহানার ক্যানভাসে তাকালে রঙ-রেখা দর্শকের মনোজগৎ নিয়ে যাবে ভিন্ন এক জগতে। চোখে আনবে প্রশান্তি।
২০২০ সালে আঁকা তার কাজগুলো রঙ ছিল অনেকটা বর্ণহীন। ধীরে ধীরে বাঁচার আশা জাগার ফলে ক্রমেরই সে রঙ উজ্জ্বল হয়েছে। সম্প্রতি আঁকা ছবিগুলো রঙ মন ছুঁয়ে যায়। এই প্রদর্শনী নিয়ে ফারহানা আফরোজ বলেন, ‘২০২০ সালে করোনার সময় কঠিন অবস্থা। কারও সঙ্গে যোগাযোগ নেই। কোথাও যাওয়া যাচ্ছে না। তারপরও মনে হলো কিছু একটা করি।
তখন ক্যানভাসের সামনে বসে ভাবি কী করব। কোনো বিষয় খুঁজে পাচ্ছি না। সব শেষ হচ্ছে যাচ্ছে। সামনে কী হবে কিছুই বোঝা যাচ্ছে না। কিন্তু সময়টা তো পার করতে হবে। একসময় বাচ্চাদের মতো করে কিছু কাজ করলাম। কয়েকটা কাজ করে সেটাতেও আগাতে পারলাম না। পরে ভাবলাম ক্যানভাসে রঙ টেনে নিয়ে যাই। বিচ্ছিন্ন হয়ে যাওয়া সময়টা ধরার চেষ্টা করি।
এভাবেই এই সিরিজটার শুরু।’ ফারহানা আফরোজ ক্যানভাসজুড়ে তুলি টেনে টেনে প্যানেলগুরোকে বিচ্ছিন্ন করেছেন। দূর থেকে দেখে টেরাকোটা কাজের মতো মনে হয়। আবার রঙের বিন্যাস জানান দেয় তার দক্ষতার। এই প্রদর্শনী গত পাঁচ বছরে ৪৮টি কাজের অনবদ্য এক আয়োজন। তার মধ্যে বেশিরভাগ কাজই ক্যানভাসে অ্যাক্রিলিকে করা। কিছু আছে কাগজে অ্যাক্রিলিক ও জলরঙ মিলিয়েই। সুন্দর এই প্রদর্শনী শেষ হবে ১২ অক্টোবর।