× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইমদাদুল হক মিলন এখনও

ধ্রুব এষ

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৩৯ পিএম

ইমদাদুল হক মিলন। প্রতিকৃতি : মাসুক হেলাল

ইমদাদুল হক মিলন। প্রতিকৃতি : মাসুক হেলাল

আজ সকালে মোবাইল ফোনে আমি মিলন ভাইয়ের একটা সাক্ষাৎকার নিয়েছি। হতে পারে লেখক ইমদাদুল হক মিলনের ক্ষুদ্রতম সাক্ষাৎকার এটা। কল দিয়েছিলাম ১০টা ৩৮ মিনিটে। বহুদিন মিলন ভাইয়ের সঙ্গে দেখা হয় না, কথা হয় না।

মিলন ভাই আমার কল ধরতে পারেন নাই, ১১টা ১৬ মিনিটে কলব্যাক করলেন, ‘গোসলে ছিলাম ধ্রুব। তুমি কেমন আছ বলো। ওষুধপত্র ঠিকমতো খাচ্ছ?’

‘এখন অনেক ভালো আছি মিলন ভাই। আপনি কী ব্যস্ত?’

‘না, ব্যস্ত না। কেন বলো তো?’

‘আপনার প্রিয় আর্টিস্ট কে মিলন ভাই? পেইন্টার?’

‘বাংলাদেশে জয়নুল আবেদিন।’

প্রাণ ভরে গেল।

‘আর কলকাতার একজন আছেন যোগেন মণ্ডল...।’

‘যোগেন চৌধুরী?’

‘হ্যাঁ। যোগেন চৌধুরীর কাজ ভালো লাগে।’

‘আর? ভিনসেন্ট পিকাসো দালি ম্যাগ্রিৎ, এদের পেইন্টিং আপনি দেখেছেন...।’

‘এদের মধ্যে পিকাসো। পাবলো পিকাসো।’

এই আমার সাক্ষাৎকার শেষ। কত বছর ধরে আমি মিলন ভাইয়ের বইয়ের প্রচ্ছদ করি? চারুকলার সেই ছাত্রজীবন থেকে। প্রথম কোন বইটা মনে আছে। সুন্দরী কমলা। ’৮৯/৯০-তে যদি করে থাকি, ৩৫/৩৬ বছর হয়ে গেছে। এত বছরে আমি সাড়ে তিনশর বেশি প্রচ্ছদ করেছি মিলন ভাইয়ের বইয়ের। ‘নূরজাহান’-এর প্রচ্ছদই করেছি ছয়বার। প্রায় বারোশ পৃষ্ঠার এই উপন্যাস, বহুবার সংস্করণ হয়েছে।

দেশের সেরা প্রচ্ছদশিল্পীরা নানা সময়ে মিলন ভাইয়ের বইয়ের প্রচ্ছদ করেছেন। মিলন ভাইয়ের প্রিয় প্রচ্ছদশিল্পী কে, আমি জানি না। মিলন ভাইয়ের প্রিয় পেইন্টার কে বা কারা, আমার জানার কৌতূহল ছিল। একজন লেখকের প্রিয় পেইন্টার কারা, জানাটা সব সময়ই জরুরি। ইমদাদুল হক মিলনের প্রিয় তিন পেইন্টার জয়নুল আবেদিন, যোগেন চৌধুরী ও পাবলো পিকাসো। জানলাম। জানালাম।

বলেছি মিলন ভাইয়ের ক্ষুদ্রতম সাক্ষাৎকার। মিলন ভাই অবশ্য জানেন না তার এই সাক্ষাৎকার আমি প্রকাশ করে দেব। প্রকাশ করলাম মিলন ভাইয়ের ৭০তম জন্মদিন উপলক্ষে। তরুণ মিলন ভাইয়ের বয়স এই সেপ্টেম্বরের ৮ তারিখে ৭০ হয়ে যাবে। ৮ সেপ্টেম্বর ১৯৫৫ টু ৮ সেপ্টেম্বর ২০২৫, সত্বর এই সত্তর। ব্যাপার না। ইমদাদুল হক মিলন এখনও সকালে লেখার টেবিলে বসেন।  

৩০.০৮.২৫


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা