× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রাসঙ্গিক নজরুল

রেজাউদ্দিন স্টালিন

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫ ১৪:১০ পিএম

প্রাসঙ্গিক নজরুল

নজরুলের কবিতা মনোমুগ্ধকর চিত্রকল্পময় জীবনরেখা। তার কবিতায় একদিকে প্রেম অন্যদিকে দ্রোহ। স্বাধীনতার জন্য সংগ্রামশীল এই কবির শিল্পবেদ-মানুষের জন্য কবিতা। নজরুল মননশীল, উচ্চকণ্ঠ। বিশ্ব-সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ, আধিপত্যবাদ ও সন্ত্রাসবাদবিরোধী অনন্য কবি প্রতিভা। সামাজিক বৈষম্য, সবলের দমনপীড়ন, সাম্প্রদায়িকতা, শোষণ ও নির্যাতনের অকুতোভয় যোদ্ধা। তার নিজেরই স্বীকারোক্তিÑ ‘মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতূর্য।’

রক্ষণশীল ভারতবর্ষে নারীমুক্তির দিশারি, অগ্রদূত। ব্যষ্টি ও ব্যষ্টিক জনজীবনের স্বাধীনতা তার স্বপ্ন। মানবমুক্তির পথ নির্মাণ মতপ্রকাশের স্বাধীনতার লড়াই তার রচনা এবং তার চারিত্রিক বৈশিষ্ট্য। তার প্রতিটি কবিতা ও গান ব্যক্তি থেকে সামাজিক, সমাজ থেকে রাষ্ট্র, জন্ম থেকে মৃত্যু পরাজয়হীনতার সুরে দোলায়িত। এজন্য অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন তিনি দেখেছিলেন।

‘নম নম নম

বাংলাদেশ মম

চির মনোরম চির মধুর।’

ধর্ম ইসলামের প্রতি তার গভীর ভালোবাসা আবার অন্য ধর্মের প্রতি বিশেষত সনাতন ধর্মের প্রতিও তিনি সশ্রদ্ধ। তিনি বলতেন ‘ভারতবর্ষে প্রেম হলো বন্ধী আমি তাকে মুক্ত করতে চাই।’

নজরুল প্রকৃত প্রস্তাবে একজন বিপ্লবী কবি। তিনি রাষ্ট্রশক্তির মৌলিক পরিবর্তন চেয়েছিলেন। কারণ তিনি জানতেন সরকার পরিবর্তিত হলেই বিপ্লব ঘটে না। বিপ্লব ঘটে আদর্শিক জায়গা থেকে। শিক্ষা, স্বাস্থ্য, আশ্রয়, খাদ্য, চিকিৎসা মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে রাষ্ট্র ক্ষমতা গ্রহণÑ এগুলো প্রাথমিক শর্ত। বৃহত্তর ক্ষেত্রে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক মুক্তি। ওরিয়েন্ট লংম্যান কর্তৃক প্রকাশিত বিনয়ঘোষের বাংলার নবজাগৃতির নবম সংস্করণ ( ১৯৭৯) সালে তিনি বুমফিল্ড শীল প্রমুখের বক্তব্যের সঙ্গে সংগতিপূর্ণ মন্তব্য করেনÑ The upper arte hindus, who became bhaddalok and baburs; by English education where completely enstved and logicality made liseerior এবং বাংলায় জাগরণ সম্বন্ধে তার মন্তব্যেÑ What we all benglay penaiscnce turend out ti be nothing but the historical vax.

অধ্যাপক বরুণ দে বলছেন, বাংলার জাগরণের যারা নায়ক তাদের Comprador inteilgentha’ নামে অভিহিত। এদের ভূমিকা সম্পর্কে তিনি আরও বলেন, ‘midde class subaltrun’ নজরুল ছিলেন প্রকৃত প্রস্তাবে রেনেসাঁর শেষ সন্তান, বুদ্ধিজীবী। নজরুল সম্পর্কে ইউলস্টন ল্যাংলি মার্কিন বুদ্ধিজীবী ও লেখক তিনি বলেন : নজরুল হচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার উপনিবেশবাদবিরোধী সর্বশেষ কবি ও বুদ্ধিজীবী। রেনেসাঁর মূল লক্ষ্য মানবতার মুক্তি, যা উনিশ শতকের বুদ্ধিবৃত্তিকতার কেন্দ্র; বিশ শতকেও রেনেসাঁর আবশ্যকতা ছিল আজ একুশ শতকেও আছে। যেখানে মুক্তির আকাঙ্ক্ষায়, মতপ্রকাশেরর স্বাধীনতার আন্দোলন থাকবে, সেখানে আমরা কবি কাজী নজরুল ইসলামের চিন্তা ও চেতনায় প্রকাশ দেখব। নজরুল ছিলেন রেনেসাঁর প্রায়োগিক সন্তান। রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রমুখ রেনেসাঁর স্রোতকে প্রবহমান রেখেছিলেন। মাইকেল মধুসূদন দত্ত কবিদের মধ্যে এই রেনেসাঁর নির্ভীক সন্তান। নজরুল তার উত্তারধিকার বহন করেছিলেন। নজরুলের গান, কবিতা হিন্দু মুসলিম উভয়েরই। তিনি মুসলমানের জন্য লিখছেন, ইসলামী গান, হামদ-নাত আর হিন্দুদের জন্য শ্যামা সংগীত। তিনি লিখেছেন গজল আর আধুনিক গান। নজরুলের শ্রেষ্ঠত্ব তার কাব্যের নতুনত্ব নিয়ে। ইংরেজি সাহিত্যে যেমন শেক্সপিয়ারের পর এসেছিলেন মিল্টন- paradise regained. নিঃসন্দেহে তা ঐশ্বর্য বর্ণবিন্যাস ও রচনাকৌশল এবং নান্দনিকতায় তুলনাহীন। ডব্লিউ বি ইয়েটস, টিএস এলিয়ট, এজরা পাউন্ড আধুনিক যুগের দ্রষ্টা। বাংলা কবিতায় রবীন্দ্রনাথের পরে নজরুল যেমন এক আধুনিক রোমান্টিক কবি। তার শ্রেষ্ঠত্ব তিনি মানব্কি ও বৈশ্বিক। নজরুলের সমকালীন বিশ শতকের কবিদের মধ্যে আছেনÑ পাবলো নেরুদা, নাজিম হিকমত, মায়াকোভস্কি, নিকোরার, পাররা, মিরোশ্লাভ হলুভ, হান্স মাগনুস, আন্দ্রেই ভজনেনস্কি প্রমুখ। এরা যুদ্ধের বিরুদ্ধে মানুষের মুক্তির জন্য স্বাধীনতার জন্য গম গমে গলায় বললেন, ‘ইয়া গোইয়া’। নজরুল বললেন, ‘বল বীর চির উন্নত মম শির’ নজরুলের কবিতা পুরাণনির্ভর নয় বরং পুরাণের নবতম অর্থ প্রণয়ন। 

বক্তব্যের তীব্রতায় এবং তার গভীর তাৎপর্যে। আধুনিকতার নামে বিমূর্ত, দুর্বোধ্য কবিতার চর্চা বাংলা কবিতার জন্য দুঃসময়। কিন্তু নজরুল সব সময়ের জন্য বহুল পঠিত কবি। এখনও বইমেলায় অনেকে আসেন বই কেনার জন্য। অগ্নিবীণা, সর্বহারা, বিষের বাঁশি এখনও জনপ্রিয় গ্রন্থের তালিকায়। একুশ শতকের আধুনিকতা কিংবা উত্তরাধুনিকতা নজরুলের জনপ্রিয়তায় বাধা হয়ে দাঁড়ায়নি। আমরা যখন সুদখোরের বিরুদ্ধে বলি তখন নজরুল আমাদের দেন এক অমোঘ চরণ ‘চুপ রও যত মিথ্যাবাদীর দল! কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোর পেলি বল্‌?’ কিংবা নারী কবিতায় বলেছেন, ‘সেদিন সুদূর নয়, যেদিন ধরণী পুরুষের সঙ্গে গাহিবে নারীরও জয়।’ ধরি মাছ না ছুইঁ পানি, আধ্যাত্মিক কবিতার নামে ধোঁয়াশা দুর্বোধ্যতা বাংলা কবিতার মেরুদণ্ড ভেঙে দিয়েছে।

এখন কাজ হলো নজরুলের গান-কবিতাকে নতুন প্রজন্মের সামনে তুলে আনা। তার অসাম্প্রদায়িক চেতনাকে সমুন্নত রাখা। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ’৬৯-এর গণঅভ্যুত্থান, ’৭১-এর মুক্তিযুদ্ধ, ’৯০-এর গণঅভ্যুত্থান এবং ২৪-এর জুলাই বিপ্লব। প্রতিটি আন্দোলন ও অভ্যুত্থানে নজরুল ছিলেন কাণ্ডারি। তার ওজস্বী গান ছাড়া অসম্ভব ছিল কোনো সাফল্য। ‘আনন্দময়ীর আগমনে’ লিখে কারবরণ করেন। বাংলাদেশের পথে প্রান্তরে ঘুরে বেড়ান মুক্তির দূত হয়ে। মোট ২২ বার এসেছেন জীবদ্দশায় আর সারা জীবনের জন্য এসেছিলেন ১৯৭৬ সালের ১২ ভাদ্র তারিখে। 

দুর্গম গিরি কান্তার-মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার!

অন্যায়ভাবে ফ্যাসিবাদী শক্তির পীড়নের বিরুদ্ধে জাতীয় কবি নজরুল একুশ শতকে অনিবার্যভাবে প্রাসঙ্গিক ও প্রয়োজনীয়। তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা