আবুল কালাম মুহম্মদ আজাদ
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫ ১৬:২৪ পিএম
বেশি নয়
মেয়েটির গানে বেজে উঠত গোটা তিনেক তার।
তাই নিয়ে ছেলেটার এমন মন খারাপ
তারগুলো যেন অশ্বারোহী বখতিয়ার।
শেষমেশ মেয়েটিই মানল হার।
শুরু হলো তাদের বিনাতারের জীবন।
কখনও বৃষ্টির ফোঁটায়
যদি চঞ্চল হয়ে ওঠে খাঁচার পাখিটি,
মৃদুমন্দ বাতাসে যদি কেঁপে ওঠে গাছের কচি পাতা
চমকে ওঠে মেয়েটিÑ
ছেঁড়া তারের বীণাটি কি তাদের কিছু বলে দিয়েছে!
তারপরেও মেয়েটি হাসে।
গাঁয়ের সব বাতাস এসে
তার হাসির শব্দ শুনে যায়।
নিয়ে যায় এ-বাড়ি ও-বাড়ি মিলাদের শিরনির মতো। পাড়ায় পাড়ায় লক্ষ্মী মেয়ের গল্প ছড়ায়।
কেউ জানে না মেয়েটি কখন কাঁদে।
শুনে যায় শুধু সেই সব বৃক্ষেরা
যাদের বক্ষে পেরেক ঠুকে ঠায় ঝোলানো হয়েছে
তুফান ঘটকের বিজ্ঞাপন।