× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হ‍ুমায়ূন আহমেদের বইয়ের প্রচ্ছদ কাহিনী

আপনারে আমি খুঁজিয়া বেড়াই

ধ্রুব এষ

প্রকাশ : ১৯ জুলাই ২০২৫ ১২:৫৩ পিএম

আপডেট : ১৯ জুলাই ২০২৫ ২২:২৭ পিএম

হ‍ুমায়ূন আহমেদ। প্রতিকৃতি মামুন হোসাইন

হ‍ুমায়ূন আহমেদ। প্রতিকৃতি মামুন হোসাইন

হ‍ুমায়ূন আহমেদের আত্মজীবনীমূলক লেখার একটা সংকলন প্রকাশিত হবেÑ ‘আপনারে আমি খুঁজিয়া বেড়াই’। প্রকাশক : কাকলী। হ‍ুমায়ূন আহমেদ প্রচ্ছদ বানাতে বললেন। কী বানাব?

ব্লগ যুগ বিলুপ্ত হয়েছে, অফসেট মুদ্রণের রমরমা তখন। যে প্রচ্ছদটা বানাব ভাবলাম সেটা তখনকার হিসেবে বলা যায় জটিলই। প্রিন্টমেকিংয়ের ছাত্র ছিলাম। ‘আপনারে আমি খুঁজিয়া বেড়াই’-এর প্রচ্ছদ ভাবলাম, ডিজাইন বানিয়ে ব্লক করে ভারী কাগজে অ্যামবোস প্রিন্ট করে ফটোগ্রাফি করে বানাব। ডিজাইনে হ‍ুমায়ূন আহমেদের পোর্ট্রেটের সঙ্গে সংকলিত বইগুলোর নাম থাকবে। আইডিয়া হ‍ুমায়ূন আহমেদকে বললাম, হ‍ুমায়ূন আহমেদ পছন্দ করলেন। এখন হ‍ুমায়ূন আহমেদের একটা ভালো ছবি আমার দরকার। ব্লক করতে দেব। ছবি নাই, ছবি তুলতে হবে। কে তুলবেন?

চঞ্চলদা, চঞ্চল মাহমুদের স্টুডিও তখন এলিফ্যান্ট রোডে। গ্ল্যামার ফটোগ্রাফার চঞ্চল মাহমুদ। হ‍ুমায়ূন আহমেদের কিছু ছবি কি চঞ্চলদা তুলে দেবেন? অবশ্যই। হ‍ুমায়ূন আহমেদও তখন এলিফ্যান্ট রোডে থাকেন। ‘এলিফ্যান্ট পার্ক’ অ্যাপার্টমেন্টে। ছয়তলা বিল্ডিংয়ের ছয়তলায়। নাকি সেটা ধানমন্ডি ১০ নম্বরের ‘গুলতেকিন’ ভবনে মনে হয়। মনে পড়েছে, সেখানেই। হ‍ুমায়ূন আহমেদের ছেলে নুহাশ হ‍ুমায়ূনের বয়স তখন চার-পাঁচ হবে। সে সময় হ‍ুমায়ূন আহমেদ কম্পিউটার কিনেছেন এবং কম্পিউটারে নিজে টাইপ করে কিছু লেখালেখির চেষ্টা করছেন।

চঞ্চলদা সময় দিলেন এক সকালে। হ‍ুমায়ূন আহমেদকে বললাম, হ‍ুমায়ূন আহমেদ সম্মত হলেন। নির্দিষ্ট সকালে ‘গুলতেকিনে’ গেছি, চঞ্চলদা ছবি ওঠাচ্ছেন, হ‍ুমায়ূন আহমেদ পোজ দিচ্ছেন, কিছু একটা অস্বস্তি হচ্ছে চঞ্চলদার, হ‍ুমায়ূন আহমেদ ঠিক ধরতে পারলেন, বললেন, ‘চশমার কাচে রিফ্লেকশন হচ্ছে?’

চঞ্চলদা হেসে দিলেন।

ক্যাশ বাক্সের মতো তার লেখার টেবিল, সেই টেবিলের ডালা উঠিয়ে একটা চশমা বের করলেন হ‍ুমায়ূন আহমেদ। চশমা না চশমার ফ্রেম শুধু। কাচ নাই। চশমা খুলে সেই ফ্রেম পরে বললেন, ‘এখন চলবে?’

চলবে। চলল।


চঞ্চলদা হ‍ুমায়ূন আহমেদের দুই রোল ছবি ওঠালেন। কিছু ছবিতে হ‍ুমায়ূন আহমেদের সঙ্গে বাচ্চা নুহাশ হ‍ুমায়ূন ছিল।

পুনশ্চ : ‘আপনারে আমি খুঁজিয়া বেড়াই’ বইয়ের প্রচ্ছদের ফটোগ্রাফিও করেছিলেন চঞ্চলদা। চারুকলার প্রিন্টমেকিং বিভাগে থেকে অ্যামবোস প্রিন্ট করে দিয়েছিল নাজিমÑ আমাদের যে নাজিম মাইম করত। হ‍ুমায়ূন স্যার নাই, চঞ্চলদা নাই, নাজিম কোথাও আছে, আমি আছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা