চরু হক
প্রকাশ : ২৩ মে ২০২৫ ১৬:৫০ পিএম
জঙ্গুলে পাখির মতো
ঘুরে এসেছ আজ জঙ্গলে জঙ্গলে, জানি
তবু প্লিজ এক্ষুনি ধুয়ো না হাতখানি
হাতের মুঠোয় তোমার বুনোফুলের গন্ধ
পাতা আর মাটির গন্ধ লেগে আছে, দ্যাখো
মাটির সানকিতে পিঁয়াজ মরিচে মাখা ভাতের গন্ধ
গেরস্তের ফসল ভেসে যাওয়ার মাতমের গন্ধ
আর আছে আমার বুকের গন্ধ।
পূর্বজন্মের স্মৃতির মতো ছুটে ছুটে আসবে তারা
আর জমবে তোমার দু’হাতের তালুতে
তোমার দুহাত যেন একসময় হয়ে উঠবে আয়না
যাতে আমরা দেখতে পাব আমাদের অতল মুখ।