কবিতা
ওমর কায়সার
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫ ১১:০৬ এএম
প্রবা গ্রাফিক্স
গোধূলির অন্ধ হাওয়ার মতো
কখন ভেতরে ঢুকে গেছে
এমন অসুখ বুঝতে পারিনি।
ওরা সব বাতি নিভিয়ে গোপনে
চুপচাপ সরে পড়ে
কর্পূরের গন্ধ মাখা আমার নীরব শয্যা থেকে।
যাতে আমি ডুবে থাকি ঘুমের অতলে।
অন্ধকারের নিজস্ব স্রোতে ভাসতে ভাসতে
দেখি দূরে কোথাও দ্বীপের মতো বাতি জ্বলে।
কিছুতে আমার ঘুম আসবে না।
সমস্ত পৃথিবী জুড়ে ফুটে আছে অনিদ্রা কুসুম।
এরকম অসুখের রাতে ভাবি
পৃথিবীর কোথাও না কোথাও এখন
সূর্যোদয় হবে।