কবিতা
আরিফ মঈনুদ্দীন
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪ ১৩:৫৮ পিএম
কুশল বিনিময়ের পর্ব শেষ করে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি
জিজ্ঞাসার সব পাত্র খালিÑআমি কতটুকু মূল্যবান
কী মূল্য দেবে আমাকে?
আমি জানিÑকোনো মূল্য পাওয়ার যোগ্য আমি নই
বিনয়ের শেষ মাত্রা স্পর্শ করে
স্বাভাবিক নিয়মে তুলাদণ্ডের ভার সইতে সইতে
নিজেই ওজন পর্ব শেষ করি
অথচ তাদের কেউ বুঝতেই পারে না অথবা
বোঝার চেষ্টা করে না
কাহিনির শেষ প্রান্তে পৌঁছুতে পৌঁছুতে
বিলোল বদনে বিমিশ্র ঠুনকো ইতিহাস
খামোখা আমাকে পরিয়ে দেয় পুষ্পার্ঘ্য
বানরের গলায় মুক্তোর হাত অথবা উলুবনে
মুক্তো ছিটানোর এ এক মহার্ঘ আয়োজনÑ
আমার হাত নিশপিশ করেÑমুখভর্তি গালগল্প
অমূলক প্রশংসায় ভিজিয়ে ফেলি শুকনো খটখটে খেত
হাতে রাখি হাতÑঅথচ এ হাত ধরার কথা না
এই মুমূর্ষু হাতে ধ্বংসের দাগ
অহেতুক জারি করি রাগ-অনুরাগ।