সানজিদা আমীর ইনিসী
প্রকাশ : ০২ আগস্ট ২০২৪ ১৬:২৪ পিএম
চোখ নিইভা আসে? কান পাইতা আছো?
থাকো প্রেম, তুমি ওইভাবেই থাকো
স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা কেউ দিতে পারে না।
কপাল পুইড়া ওঠে? কঙ্কর জমলো বুকে?
থাকো আশ্চর্য স্থির হৃদয় নিয়া জনবহুল রাস্তায়
লাল হৃৎপিণ্ডটারে থামায়ে থাকো
এখন যেইভাবে আছো
এখনকার প্রবণতা এই-
নীরবে চইলা যাবার নিশ্চয়তা তোমারে কেউ দিবে না এই পৃথিবী,
কনভেনশনাল জগৎটায় বড় ঝঞ্ঝাট, বড় বাঞ্ছা, বড় ক্ষোভ, বড় ক্লান্তি
মুখোমুখি প্রেমহীন, অন্তরে মায়াহীন
লিপি লিইখা নিয়া হাঁইটা গেলেও কত পীড়ন-দহন অম্লান হইয়া চইলা আসে।
এখানে সিঁড়িসব টানা লাগোয়া
গায়ে-গায়ে কত জনপদ
অভিমান কইরা চুপচাপ সিঁড়ি বাইয়া উঠলে কি কিছু কম এলোমেলো লাগেÑ
কম পুড়ে ভেতর বা বাইরেও?
ভেতরে ভেতরে কতকটা জ্বাললে মাথা, কতবার খণ্ডালে কপাল তা টের পাই না দেখেও
যেন অপার্থিব বন তুমিÑতাই মনে হয়
হাঁইটা যাইতেছে একটা মানুষ না-
ওই মানুষটা নাই
শীতে কাশফুল ফুটতে দেখলেও পুরোদস্তুর যার দেহ অবিচল
আমার তারে দেখতে কষ্ট হয়
বরং একটু কাঁদো
একটু কষ্ট পাও
একটু একটু হাঁইটা সামনে যাও
অস্বাভাবিক একটা মৃত্যু ভাইবা হাহাকার করো রাস্তায়।