আহাদুজ্জামান মোহাম্মদ আলী
প্রকাশ : ১২ জুলাই ২০২৪ ১৫:০৭ পিএম
আপডেট : ১২ জুলাই ২০২৪ ১৫:০৭ পিএম
প্রিয় শিক্ষক
সালাম নেবেন
দীর্ঘদিন পরে এই প্রথম
আপনাকে লিখছি-
আমাকে আপনার মনে থাকার কথা নয়
মাঝ কিংবা পেছনের সারিতে সচরাচর বসতাম।
আপনি পড়াতেন সমকালীন বিষয়াবলি
সেখানে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি-
নানা বিষয় নিয়ে আলোচনা হতো।
আলোচনা শেষে প্রশ্ন করার সুযোগ দিতেন
সাহস করে কোনো দিন দাঁড়াইনি
শুধু মুগ্ধ হয়ে শুনেছি।
কী অপূর্ব কণ্ঠ ছিল আপনার
সমকালীন বিষয়ের সাথে সাহিত্য
আর দর্শনের মিশেল ঘটিয়ে
অপূর্ব প্রসাদ পরিবেশন করতেন।
এরপর বহুকাল কেটে গেছে
আমি জীবনের নানা ক্ষেত্রে ঘুরেছি
প্রতিপত্তি, বিষয়-আশয় কিছুটা হয়েছে।
আমি একপর্যায়ে আপনার কথা ভুলেছি
আর আমাকে আপনার কথা মনে থাকার কথাই নয়;
হঠাৎ একদিন হাটখোলার মোড়ে দেখি আপনি হেঁটে যাচ্ছেন
জোরে ডাকলাম- স্যার!
আপনি থামলেন, কাছে এলেন-
কয়েক মুহূর্ত আমার দিকে তাকিয়ে থাকলেন-
বললেন, অমল না?
আমার চোখে জল এলো
পায়ে হাত দিয়ে সালাম করলাম।
জোর করে মিষ্টির দোকানে নিয়ে গেলাম।
তৃপ্তি নিয়ে দুজন খেলাম;
দাম কিছুতেই দিতে পারলাম না।
তারপর দোকান থেকে বের হলাম
যে যার পথে চললাম
আর কোনো দিন দেখা হবে কি না জানি না;
ভালো থাকবেন স্যার।