শরীয়তপুর প্রতিবেদক
প্রকাশ : ১০ জুন ২০২৩ ১৮:১৯ পিএম
শরীয়তপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগ। প্রবা ফটো
শরীয়তপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে সৎ ভাইয়ের ছেলেদের বিরুদ্ধে। শুক্রবার (৯ জুন) মধ্যরাতে সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের দেওভোগ গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
শনিবার (১০ জুন) দুপুরে নিহতের স্ত্রী সালমা বেগম বাদী হয়ে পালং মডেল থানায় ১১ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন। এরপর ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মৃত সাত্তার ফকির রুদ্রকর ইউনিয়নের দেওভোগ গ্রামের বাসিন্দা ইনাজউদ্দিন ফকিরের ছেলে। তিনি পেশায় অটোচালক ছিলেন।
গ্রেপ্তাররা হলেন- এসকেন্দার ফকিরের ছেলে ইমরান, বাবুল মোল্যার ছেলে মাসুম, দেলোয়ার মাদবরের ছেলে সিহাব। হত্যাকাণ্ডের ঘটনার পর থেকেই অন্য আসামিরা পলাতক রয়েছেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাতে সাত্তার ফকিরের বাড়ি থেকে তার ভাতিজা এসকেন্দার ফকির, মিলন ফকির, আরিফ ফকির ও ভাই কামাল ফকির তাকে রাস্তায় ডেকে নিয়ে যায়। পরে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। তখন সাত্তার ফকিরের মেয়ে নিপা বাড়ি থেকে বের হয়ে দেখে তার বাবাকে তার চাচা ও চাচাতো ভাইরা মারধর করছে। এরপর তার মাকে ডাকলে হামলাকারীরা পালিয়ে যায়। কিন্তু সাত্তার ঘটনাস্থলেই মারা যান।
পালং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, ঘটনার পরই সেখান পুলিশ পাঠানো হয়। সাত্তার ফকিরের মরদেহ উদ্ধার ও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আট আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।