ফেনী প্রতিবেদক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৩ ০১:২৬ এএম
ফেনীর দাগনভূঞা উপজেলা থেকে আলী হোসেন মাসুদ নামে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রবা ফটো
ফেনীর দাগনভূঞা উপজেলা থেকে আলী হোসেন মাসুদ নামে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ২০০৮ সালের সেনবাগ থানার একটি চুরির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে ১৫ বছর পলাতক ছিলেন। মাসুদ উপজেলার উত্তর লালপুর গ্রামের আবুল খায়েরের ছেলে।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম জানান, ২০০৮ সালে চুরি করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হন মাসুদ। পরে তিনি আদালত থেকে জামিন নিয়ে পালিয়ে যান। ২০২২ সালের ১৫ ডিসেম্বর ওই মামলায় তার বিরুদ্ধে ৬ মাসের সাজা ঘোষণা হয়। জামিন নেওয়ার পর থেকেই গ্রেপ্তার এড়াতে মাসুদ বারবার স্থান পরিবর্তন করতে থাকেন।
ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১০ এপ্রিল) রাতে দাগনভূঞা পৌরসভার আজিজ ফাজিলপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার তাকে নোয়াখালীর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।