টেকনাফ প্রতিবেদক
প্রকাশ : ২৪ মে ২০২৬ ১৯:১৯ পিএম
অভিযানে জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত ল্যাপটপ, রঙিন প্রিন্টার, সোনালি ফয়েল পেপার, সিকিউরিটি ট্যাগ, জলছাপযুক্ত কাগজ, আংশিক প্রিন্ট করা নোট, গাম, কাটার ও জলছাপ তৈরির ডাইস উদ্ধার করা হয়ে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় কোটি টাকার জাল নোট, টাকা তৈরির সরঞ্জাম ও নগদ অর্থসহ দুইজনকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের পাশে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টেকনাফের শালবন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা টমটম চালক আজিজুর রহমান এবং ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা মো. নাজমুল।
টেকনাফ-২ বিজিবির উপ-অধিনায়ক মেজর মুবাশশির নাকীব তরফদার এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, একটি চক্র ঈদকে কেন্দ্র করে রোহিঙ্গা ক্যাম্পসহ পশুর হাট ও বিপণিবিতানে জাল টাকা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার সংবাদ পেয়ে রোহিঙ্গা ক্যাম্পের পাশে একটি ভাড়াবাসায় অভিযান চালানো হয়। অভিযানে ২০০, ৫০০ ও ১ হাজার টাকার প্রায় এক কোটি টাকার জাল নোট উদ্ধার করা হয়। পাশাপাশি জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, রঙিন প্রিন্টার, সোনালি ফয়েল পেপার, সিকিউরিটি ট্যাগ, জলছাপযুক্ত কাগজ, আংশিক প্রিন্ট করা নোট, গাম, কাটার ও জলছাপ তৈরির ডাইস উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, “ঈদকে সামনে রেখে চক্রটি রোহিঙ্গা ক্যাম্পসহ বিভিন্ন এলাকায় জাল টাকা সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন”।
স্থানীয় জাদিমুড়া বাজারের ব্যবসায়ী আবদুল আজিজ বলেন, “দুইজন কয়েকদিন আগে শ্রমিক পরিচয়ে ওই বাসায় উঠেন। কিন্তু তারা ভেতরে জাল টাকা তৈরির মতো কাজ করছে, তা কেউ বুঝতে পারেনি”।
জাদিমুড়া ক্যাম্পের বাসিন্দা রোহিঙ্গা নুর আলম বলেন, “ঈদের সময় ক্যাম্পে জাল নোট চক্র সক্রিয় হয়ে ওঠে। অনেক রোহিঙ্গা জাল টাকা সহজে শনাক্ত করতে না পারায় এসব চক্র সুযোগ নেয়”।