আন্দামান দ্বীপপুঞ্জে ট্রলারডুবি
মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ
প্রকাশ : ১৩ মে ২০২৬ ২১:৫০ পিএম
আটক শাকের মিয়া ওরফে শাকের মাঝি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
আন্দামান দ্বীপপুঞ্জের গভীর সাগরে ট্রলারডুবির ঘটনায় অভিযুক্ত শীর্ষ মানবপাচারকারী মো. শাকের মিয়া ওরফে শাকের মাঝিকে আটক করেছে পুলিশ।
সাবরাংয়ের মুন্ডার ডেইল এলাকা থেকে বুধবার সন্ধায় তাকে আটক করা হয়।
আটক শাকের সাবরাং মুন্ডার ডেইলের কবির আহমদের ছেলে।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘এক শীর্ষ মানবপাচারকারীকে আটক করা হয়েছে। এর আগে আরও তিন দালালকে আটক করা হয়েছিল। মাদক ও মানব পাচারকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটক দালালের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরন করা হবে’।
এর আগে ৯ এপ্রিল চট্টগ্রাম থেকে ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে যাওয়া বাংলাদেশি পতাকাবাহী তেলবাহী জাহাজ 'এমটি মেঘনা প্রাইড' গভীর সমুদ্রে ভাসমান অবস্থা থেকে ৯ জনকে উদ্ধার করে। পরে কোস্ট গার্ডের টহল জাহাজ 'মনসুর আলীর' কাছে হস্তান্তর করা হলে তাদের টেকনাফ থানায় নিয়ে যাওয়া হয়।
ডুবে যাওয়া ট্রলারটিতে আড়াই শতাধিক যাত্রী ছিলেন, যার মধ্যে কক্সবাজার, টেকনাফ, উখিয়া ও চট্টগ্রামের রোহিঙ্গারাও ছিলেন।
এই ট্রলারডুবির ঘটনার পেছনে থাকা প্রধান মানবপাচারকারী চক্রের অন্যতম হোতা শাকের মাঝি।