প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ মে ২০২৬ ১৯:২৮ পিএম
প্রতীকী ছবি
উত্তরায় বাবার সামনে থেকে স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার লামিন ইসলামের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত সোমবার এই আদেশ দেন।
প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক তাহমিনা আক্তার এ তথ্য নিশ্চিত করেন।
গত শনিবার আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক ফরিদুজ্জামান।
রিমান্ড আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে এই আসামির প্রত্যক্ষভাবে জড়িত থাকার বিষয়ে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। এটি একটি চাঞ্চল্যকর ঘটনা। ঘটনার পর থেকে এলাকার বিভিন্ন স্কুলগামী ছাত্রীর মধ্যে একটি ভীতিকর অবস্থা সৃষ্টি হয়েছে।
মামলাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে ও ঘটনার সঙ্গে জড়িত অন্য পলাতক আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ ও গ্রেপ্তার, মোটরসাইকেলসহ প্রাইভেটকারের তথ্য সংগ্রহ এবং মামলার মূল রহস্য উদঘাটনের জন্য পাঁচ দিনের রিমান্ড একান্ত প্রয়োজন। ওইদিন আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একইসঙ্গে রিমান্ড শুনানির জন্য আজ দিন ধার্য করেন।
এর আগে, গত ১ মে দুপুরে গাজীপুরের পুবাইল থানাধীন একটি এলাকা থেকে মূল আসামি লামিন ইসলামকে গ্রেপ্তার করা হয়। একই সময় অপহৃত শিক্ষার্থী জেরিন জামান তুবাকে উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার লামিনের বাড়ি গাজীপুরের কালীগঞ্জ থানার রায়েরদিয়া উলুখোলা এলাকায়।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ভুক্তভোগী জেরিন জামান তুবা উত্তরা গার্লস স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। গত ২২ এপ্রিল দুপুর আড়াইটার দিকে পরীক্ষা শেষে বাবার সঙ্গে বাসায় ফেরার পথে উত্তরা পূর্ব থানার সেক্টর-৬ এলাকায় পৌঁছালে লামিন ইসলাম ও তার সহযোগীরা জোরপূর্বক তাকে একটি প্রাইভেটকারে তুলে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। ওই ঘটনায় ভুক্তভোগীর বাবা মো. কামরুজ্জামান বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।