নাটোর প্রতিবেদক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬ ১১:১৮ এএম
নাটোর সদর উপজেলার মল্লিকহাটি ঘোষপাড়া এলাকায় বাকপ্রতিবন্ধি ছেলের বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ উঠেছে।। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
নাটোর সদর উপজেলায় বাকপ্রতিবন্ধি ছেলের বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ উঠেছে।
শহরের মল্লিকহাটি ঘোষপাড়া এলাকায় রবিবার রাত প্রায় ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শহিদা বেগম (৫৫) ওই এলাকার বাসিন্দা।
এ ঘটনায় তার ছেলে আরিফ হোসেনকে (২৫) আটক করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান।
এ বিষয়ে কথা হয় পুলিশ ও স্থানীয় কয়েকজনের সঙ্গে।
তাদের ধারণা, ঘটনার সময় মা ও ছেলে একই ঘরে অবস্থান করছিলেন। পারিবারিক কোনো বিষয়কে কেন্দ্র করে আরিফ হোসেন শীলপাটার শীল দিয়ে মায়ের মাথায় আঘাত করেন।
এতে শহিদা বেগম গুরুতর আহত হন এবং পরে তার মৃত্যু হয় বলেও ধারণা তাদের।
ঘটনার পর স্থানীয়রা বিষয়টি জানতে পেরে দ্রুত পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে পাঠায়।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত আরিফ হোসেন বাকপ্রতিবন্ধী এবং মানসিক সমস্যায় ভুগছিলেন। এর আগেও তার আচরণে অস্বাভাবিকতা দেখা গিয়েছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।
ওসি মনসুর রহমান জানান, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং আটক আরিফের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।