কুমিল্লা অফিস
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬ ২১:২৩ পিএম
মাদকসেবন করে পারিবারিক ও সামাজিক শান্তি বিনষ্টের অভিযোগে কুমিল্লায় চার যুবককে আটক করে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকসেবন করে পারিবারিক ও সামাজিক শান্তি বিনষ্টের অভিযোগে চার যুবককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্তদের আদালতের মাধ্যমে সোমবার সকালে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে রোববার দিবাগত রাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান।
দণ্ডিতরা হলেন- মো. ওমর ফারুক (৩২), রাহিম ইসলাম (২০), রফিকুল ইসলাম (৪৮) ও হৃদয় (২০)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্তরা দীর্ঘদিন ধরে মাদকসেবন করে এলাকায় পারিবারিক ও সামাজিক অস্থিরতা সৃষ্টি করে আসছিলেন। মাদকসেবনের পাশাপাশি তাদের বিরুদ্ধে এলাকায় ছোটখাটো চুরির অভিযোগও রয়েছে।
তাদের এসব কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে স্থানীয় বাসিন্দারা তাদের আটক করে উপজেলা প্রশাসনের কাছে সোপর্দ করেন। পরে জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা নিজেদের অপরাধ স্বীকার করলে আদালত প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।