চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬ ১৬:২৪ পিএম
নিহত কলেজছাত্র আশফাক কবির সাজিদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চট্টগ্রামের চকবাজার থানাধীন ডিসি রোড এলাকায় নির্মাণাধীন একটি ভবনের আটতলা থেকে লিফটের গর্তে ফেলে আশফাক কবির সাজিদ (১৭) নামের এক কলেজছাত্রকে হত্যার অভিযোগ উঠেছে।
মৌসুমি আবাসিক এলাকার একটি ভবনে গত রবিবার রাতে এ ঘটনা ঘটলেও বিষয়টি প্রকাশ্যে আসে বুধবার।
এ ঘটনায় নিহতের বাবা আবুল হাশেম সিকদার মঙ্গলবার রাতে চকবাজার থানায় সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। অভিযুক্তরা সবাই আশফাকের বন্ধু বলে জানা গেছে। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ এই তথ্য জানিয়েছেন।
নিহত আশফাক কবির সাজিদ বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। তার বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়। তিনি নগরের বাকলিয়া ডিসি রোড কবরস্থানের পাশের একটি ভাড়া বাসায় থাকতেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, রবিবার বিকেলে আশফাককে তার বন্ধু ফারদিন হাসান মুঠোফোনে কল দিয়ে বাকলিয়া এক্সেস রোডের মৌসুমি আবাসিক এলাকায় ডেকে নেয়। সেখানে পৌঁছালে আইমন, অনিক, রানা, মাইকেল, ইলিয়াস, এনায়েত উল্লাহ ও মিসকাতুল কায়েসসহ একদল তরুণ তাকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে জোর করে তুলে নিয়ে যায়।
একপর্যায়ে তাদের হাত থেকে বাঁচতে আশফাক পাশের একটি নির্মাণাধীন ভবনে ঢুকে গেট বন্ধ করে আটতলায় উঠে যায়। তবে হামলাকারীরা গেটে ধাক্কা দিলে ভবনের নিরাপত্তাকর্মী এনামুল হক গেট খুলে দেন। পরে তারা ওপরতলায় গিয়ে আশফাককে মারধর করে এবং একপর্যায়ে তাকে আটতলা থেকে লিফটের ফাঁকা স্থানে ফেলে দেয়।
গুরুতর আহত অবস্থায় আশফাককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভবনটির নিরাপত্তাকর্মী এনামুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। হত্যার পেছনের কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।